চেন্নাই: মহেন্দ্র সিংহ ধোনি নেতৃত্বভার ছেড়ে দেওয়ার পর অধিনায়ক হিসেবে রুতুরাজ গায়কোয়াডকে বেছে নেওয়া হয়েছিল। গত মরশুমে রুতুরাজের নেতৃত্বেই খেলেছে সিএসকে। যদিও দল হিসেবে পারফরম্য়ান্স একেবারেই ভাল হয়নি সিএসকের। এই মরশুম শুরুর আগে ট্রেডিংয়ের মাধ্যমে সঞ্জু স্যামনসকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে দীর্ঘ সময় নেতৃত্বভার সামলানোর অভিজ্ঞতা রয়েছে স্যামনসের। গত টি-টােয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন ডানহাতি এই উইকেট কিপার ব্যাটার। এবার কি আইপিএলেও নতুন ফ্র্যাঞ্চাইজিতে এসে দায়িত্ব আরও বাড়ছে?
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ অবশ্য এই বিষয়ে চেন্নাই টিম ম্য়ানেজমেন্টকে সতর্ক করে দিয়েছে। তিনি কোনওমতেই চাইছেন না যে স্যামসনকে নেতৃত্বভার দেওয়া হোক। কাইফ বলছেন, ”আমি মনে করি না চেন্নাইয়ের এই মুহূর্তে স্যানসনকে নেতৃত্বভার দেওয়া উচিৎ। এই কিছুদিন হল ও নতুন দলে এসেছে। ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছে। এই পরিস্থিতিতে ক্যাপ্টেন্সি বাড়তি চাপ হতে পারে ওর কাছে। ম্য়ানেজমেন্ট কখনওই ওর কাছে আচমকাই ব্যাট হাতে রান, উইকেট কিপিং ও তারপর নেতৃত্বের চাপ দিতে পারে না। প্রত্যেকটি বিষয়ের একটা সময় রয়েছে। হঠাৎ করে এসে ধোনির মত ক্রিকেটারের জুতোয় পা গলানো স্য়ামসনের জন্য়ও চাপ হয়ে যাবে।”
কাইফ না চাইলেও সোশ্যাল মিডিয়াতে সঞ্জুতে স্বাগত জানানোর সঙ্গে সঙ্গে অনেকেই চাইছেন আগামী মরশুমে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বভার সামলাতে দেখা যাক সঞ্জুকেই। এমনকী নেতৃত্ব দেওয়ার বিচারেও সঞ্জু অভিজ্ঞতায় রুতুরাজের থেকে অনেকটাই এগিয়ে। কেরলের ব্যাটারের মাথা ঠাণ্ডা। তাই কোনও সিদ্ধান্ত বুদ্ধিমত্তার সঙ্গে নিতে পারে।
কিছুদিন আগেই স্যামসনকে প্রশ্ন করা হয়েছিল যে রাজস্থান রয়্যালস ছাড়লেন কেন? সেই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, এই প্রথমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামব আমি। কিন্তু আমি আমার আবেগকে দূরে সরিয়ে মাঠে নামতে চাই। আমি রয়্যালস ছেড়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে ওই ফ্র্যাঞ্চাইজিতে আমার সময় ফুরিয়েছে। এখন আমি যদি রাজস্থানের বিরুদ্ধেও খেলতে নামি, আমি আমার সেরা ক্রিকেটটাই খেলব।” উল্লেখ্য, ২৮ মার্চ থেতে শুরু এবারের আইপিএল। আর দুদিন পরেই আগামী ৩০ মার্চ চেন্নাইয়ের প্রথম ম্য়াচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেই গুয়াহাটিতে। পুরনো দলের বিরুদ্ধে খেলতে নামবেন স্য়ামসন। তবে আবেগ দূরে সরিয়ে ২২ গজের লড়াইয়ে সিএসকের হয়ে নিজের সেরাটা দিতে তৈরি এই ব্য়াটার।
