New Income Tax Rule : আজ থেকে নতুন আয়করের নিয়ম চালু হচ্ছে দেশে। ২০২৬-২৭ নতুন অর্থবর্ষে ১ এপ্রিল চালু হয়েছে এই নিয়ম। এর সবথেকে বড় প্রভাব পড়বে বেতনভুক কর্মীদের ওপর (Salary News Update)। বিশেষ করে পুরনো আয়কর (Old Tax Regime) নিয়মে এই কর্মীদের ওপর প্রভাব পড়বে।
নতুন অনেক ছাড় রয়েছে এই আয়কর নিয়মে
এই নতুন আয়কর নিয়মে অনেক বিষয়ে বেশি ছাড় দেওয়া হয়েছে। শিশুর পড়াশোনা, হস্টেল খরচ, খাবারের খরচের জন্য কার্ড, গিফট কুপনে ছাড়া দেওয়া হয়েছে। তবে ইনকাম ট্যাক্স স্ল্যাবে এবারও কোনও পরিবর্তন হবে না। কারণ বাজেটের সময়ই এই বিষয়ে যা বলার বলে দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
কী কী নতুন পরিবর্তন হয়েছে এবার
শিশুদের শিক্ষা ভাতার ক্ষেত্রে কর ছাড়ের সীমা প্রতি মাসে ১০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ টাকা করা হয়েছে।
হস্টেল খরচে বাবদ ভাতা সন্তান পিছু ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৯০০০ টাকা করা হয়েছে।
বাড়ি ভাড়া বাবদ ভাতা
এবার বাড়ি ভাড়া বাবদ ভাতা আরও চার শহরের জন্য বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে নাম রয়েছে আমদাবাদ, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও পুণের। পুরনো আয়কর নিয়ম অনুসারে এবার ৫০ শতাংশ ছাড় পাওয়া যাবে। আগে বাড়ি ভাড়া বাবদ এই ছাড় ছিল ৪০ শতাংশ। আগে চেন্নাই, দিল্লি, কলকাতা, মুম্বইয়ে বাড়ি ভাড়া নেওয়া ব্যক্তিদের জন্য ছিল এই নিয়ম।
খাবারের ক্ষেত্রে কী ছাড়
পুরনো কর ব্যবস্থার আওতায় বিনামূল্যে খাবার ও অ্যালকোহলমুক্ত পানীয়র ক্ষেত্রে ছাড়ের সীমা বাড়ানো হয়েছে। এই ঊর্ধ্বসীমা কেবল কর্পোরেট কার্ড যেমন (Pluxee এবং Sodexo-এর মতো কর্পোরেট মিল)-এর ক্ষেত্রে বাড়ানো হয়েছে। আগে প্রতি মিলে এই ছাড়ের সীমা ছিল ৫০ টাকা । এখন যা বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে। মনে রাখবেন, এই ছাড় কেবল কোনও নিয়োগকর্তা কর্মীকে যে কর্পোরেট মিল দেন, সেই ক্ষেত্রেই প্রযোজ্য। পুরনো আয়কর ব্যবস্থাতেই এই সুবিধা পাওয়া যাবে।
কর্পোরেট গিফটেও রয়েছে আয়করে ছাড়
এ ছাড়াও কর্পোরেট গিফট কার্ড, গিফট সার্টিফিকেট ছাড়াও গিফটি কুপনে রয়েছে আয়করে ছাড়ের সুবিধা। এই ক্ষেত্রে ১৫০০০ টাকা পর্যন্ত বছরে ছাড় পেতে পারেন আপনি।
পরিবহণ ব্য়বস্থায় কর্মরতদের জন্য কী সুবিধা
এই ক্ষেত্রে কর্মী পরিবহণ ব্যবস্থায় কর্মরত ব্যক্তির ভাতার ওপর কর ছাড়ের সীমা ২৫০০০ টাকা প্রতি মাস বা ভাতার ৭০ শতাংশ করা হয়েছে। আগে যা প্রতি মাসে ২৫০০০ টাকা বা ভাতার ৭০ শতাংশ যেটা হবে তা ধরা হত।
হাতে এখন কত বেতন আসবে
নতুন অর্থবর্ষে আপনার টেক হোম স্য়ালারি আগের থেকে কম হবে। নতুন শ্রম বিধি চালু হওয়ার পরই এই নিয়ম প্রযোজ্য হয়েছে। মজুরি সংক্রান্ত সরকারের চারটি নতুন শ্রম বিধি অনুসারে, নিয়োগকর্তাকে বেতনের ৫০ শতাংশ মূল বেতন হিসাবে দিতে হবে। এর ফলে আপনার প্রভিডেন্ট ফান্ডের টাকা বাড়বে। ফলে হাতে আসা বেতনের পরিমাণ কমবে।
কর্মীদের জন্য কত ন্যূনতম পিএফ রাখতেই হবে
কোনও কর্মীর যদি বেতন ১৫০০০ টাকার হয়, তাহলে তার বেতন থেকে পিএফ-এ ১৮০০ টাকা রাখতেই হবে। কোনও কোম্পানি চাইলে এই টাকা বেশি রাখতে পারেন। এটা পুরোপুরি কোম্পানির ওপর নির্ভর করবে।
এমনিতে পিএফে কী করে অনেক কোম্পানি
অনেক কোম্পানি মূল বেতনের ১২ শতাংশ পিএফে জমা করে। সেই ক্ষেত্রে কোম্পানিগুলি যদিও বেসিক পে বা মূল বেতন বাড়িয়ে দেয় ,তবে পিএফে জমা টাকার পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাসের টেক হোম স্য়ালারিও বেড়ে যাবে।
