মুম্বই: ওয়াংখেড়ের ময়দানে সচরাচর বড় রানই দেখা যায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম মুম্বই ইন্ডিয়ান্সের (MI vs RCB) ম্যাচে রবিবার তার অন্যথা হল না। প্রথমে ব্যাট করে বিশাল ২৪০ রান তুলল আরসিবি, সৌজন্যে দলের টপ অর্ডারের অনবদ্য ব্য়াটিং এবং টিম ডেভিডের ভাল ফিনিশিং।
পল্টদের বিরুদ্ধে এদিন ফিল সল্ট (Phil Salt), বিরাট কোহলি (Virat Kohli) এবং রজত পাতিদার (Phil Salt) তিনজনেই অর্ধশতরান হাঁকান। আর শেষবেলায় ১৬ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংসে ফিনিশিং টাচ দেন টিম ডেভিড। মুম্বইয়ের হয়ে শার্দুল ঠাকুর, মিচেল স্যান্টনার, হার্দিক পাণ্ড্য ও ট্রেন্ট বোল্ট একটি করে উইকেট নেন। তবে এই ম্যাচেও কম রান দিলেও কোনও উইকেট পেলেন না তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য। স্বাভাবিকভাবেই নজর ছিল বুমরার দিকে। চলতি আইপিএলে তিন ম্যাচে উইকেটহীন তিনি। তবে কায়রন পোলার্ড গতকাল দাবি করেছিলেন বুমরার ফর্ম নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স উদ্বিগ্ন নয়। কিন্তু এ ম্যাচেও তারকা ফাস্ট বোলার উইকেট নিতে ব্যর্থ। নতুন বলে পল্টনদের হয়ে বোল্ট ও পাণ্ড্য তো দাঁতই ফোটাতে পারেননি। বরং আরসিবির দুই ওপেনার পাল্টা আক্রমণ শানান। সল্ট অত্যন্ত আগ্রাসী মেজাজে ব্যাটিং করেন। বিরাট তুলনামূলক মন্থর গতিতে নিজের ইনিংস শুরু করেন। পাওয়ার প্লেতেই আরসিবি ৭১ রান তোলে।
ইনিংসের অষ্টম ওভারে মায়াঙ্ক মারকাণ্ডের বিরুদ্ধে ২০ রান তোলেন ফিল সল্ট, ২৫ বলে নিজের অর্ধশতরানও পূরণ করেন। নয় ওভার শেষ হওয়ার আগেই আরসিবি শতরানের গণ্ডি পার করে ফেলে। অবশেষে ১১তম ওভারে শার্দুল ঠাকুরের বিরুদ্ধে বড় শট মারতে গিয়ে কভারের হাতে ৭৮ রানে ধরা দেন সল্ট। ১২০ রানে আরসিবি প্রথম উইকেট হারায়। এদিন প্রথম উইকেট পড়ার পর দেবদত্ত পাড়িক্কাল নয়, বরং গত ম্যাচে অনবদ্য অর্ধশতরান হাঁকানো পাতিদার ব্যাটিংয়ে নামেন। কোহলি ও পাতিদারও অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। কোহলি ৩৭ বলে হাফসেঞ্চুরি করেন। তবে অর্ধশতরানের পরেই হার্দিকের বলে আউট হন কোহলি।
অপরপ্রান্তে রজত পাতিদার কিন্তু দুরন্ত গতিতে ব্যাট করতে থাকেন। মাত্র ১৭ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি। পাতিদার আউট হলে শেষের দিকে ব্যাট হাতে ঝড় তোলেন টিম ডেভিড। এঁদের সুবাদেই ওয়াংখেড়ের ভাল ব্য়াটিং উইকেটে রানের পাহাড়ে আরসিবি। এবার এই রান ম্যাচ জেতার জন্য যথেষ্ট হয় কি না, সেটাই দেখার।
