March 25, 2026
5591f22f3dd459b63bc106fe22a0e9d2177442531406950_original.jpg
Spread the love


চেন্নাই: একটা সময় বলা হতো, তাঁর মতো প্রতিভা ভারতীয় ক্রিকেটে কমই এসেছে । যদিও আন্তর্জাতিক ক্রিকেটে লক্ষ্মণ শিবরামকৃষ্ণণের (Laxman Sivaramakrishnan) কেরিয়ার দীর্ঘায়িত হয়নি । লেগস্পিনার শিবরামকৃষ্ণণ একটা সময় সেলিম মালিক, ইমরান খানের মতো ক্রিকেটারকে বোকা বানিয়ে আউট করেছেন । তবে তাঁকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের যে প্রত্যাশা ছিল, তা পূরণ করতে পারেননি শিবরামকৃষ্ণণ ।

ক্রিকেট ছাড়ার পরেও বাইশ গজ থেকে দূরে থাকেননি শিবরামকৃষ্ণণ । তিনি ধারাভাষ্যকার হিসাবে কর্মরত ছিলেন । কয়েকদিন আগেই শিবরামকৃষ্ণণ বোমা ফাটিয়েছিলেন যে, তাঁকে বর্ণবৈষম্যের শিকার হতে হয়েছিল । যে কারণে তাঁকে ধারাভাষ্যকারের কাজ থেকে বাদ দেওয়া হয়েছিল । এবার ফের বিস্ফোরক অভিযোগ করলেন শিবরামকৃষ্ণণ ।

একটি সাক্ষাৎকারে শিবরামকৃষ্ণণ জানিয়েছেন, মাত্র ১৪ বছর বয়সে তাঁকে বর্ণবৈষম্যের শিকার হতে হয়েছিল । চিপকে ভারতীয় শিবিরে নেটবোলার হিসাবে যোগ দিয়েছিলেন শিবরামকৃষ্ণণ । জার্সি পরেই তিনি স্টেডিয়ামের ড্রেসিংরুমে পোশাক পাল্টাতে গিয়েছিলেন । সেখানে ভারতের এক সিনিয়র ব্যাটার তাঁকে ডাকেন এবং জুতো পরিষ্কার করে দিতে বলেন ।

শিবরামকৃষ্ণণ বলেছেন, ‘আমি অবাক হয়ে বলেছিলাম, এটা আমার কাজ নয় । আপনি যা খুশি করুন ।’ তারপর শিবরামকৃষ্ণণ জানিয়েছেন যে, ওই সিনিয়র ক্রিকেটার তাঁকে মাঠের কর্মী ভেবে ভুল করেছিলেন । শিবরামকৃষ্ণণ বলেছেন, ‘বর্ণবৈষম্য কী, গায়ের রং নিয়ে কী ভেদাভেদ করা হয়, তা আমি জানি না । শুধু ভেবেছিলাম, কী মনে করে ওরকম মন্তব্য করা হয়েছিল ।’

তবে সেটাই একমাত্র ঘটনা নয়, তামিলনাড়ু দলে তাঁকে কালো হওয়ার জন্য কটাক্ষ শুনতে হয়েছিল বলেও জানিয়েছেন শিবরামকৃষ্ণণ । মুম্বই, চণ্ডীগড় ও জলন্ধরে খেলার সময় তাঁকে ‘অব তেরা কেয়া হোগা কালিয়া’ বলেও বিদ্রুপ করা হয়েছে বলে জানিয়েছেন শিবরামকৃষ্ণণ । তাঁর ১৭তম জন্মদিনে চকোলেট কেক আনা হয়েছিল এবং সেই কেকের সঙ্গে তাঁর গায়ের রংয়ের তুলনা টানা হয়েছিল বলে কেঁদে ফেলেছিলেন বলেও জানিয়েছেন শিবরামকৃষ্ণণ । একজন সিনিয়র প্লেয়ার বলেছিলেন, ‘সানি, একদম সঠিক রংয়ের কেক অর্ডার করেছো । কালো ছেলের জন্য কালো কেক ।’ 

শিবরামকৃষ্ণণ জানিয়েছেন, তিনি শুনে কেঁদে ফেলেছিলেন । কেক কাটতে চাননি । বলেন, ‘সেই সময় সুনীল গাওস্কর আমাকে শান্ত করে ও চোখে জল নিয়েই আমি তারপর কেক কাটি ।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks