কলকাতা: আগামী ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজেদের আইপিএল অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (IPL 2026 Kolkata Knight Riders) আজই মুম্বইয়ের উদ্দেশ্যে উড়ে যাবে নাইট শিবির। তার আগে দুটো প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে কেকেআর। নিজেদের মধ্যেই দুটো দলে ভাগ হয়ে এই ম্যাচে অংশ নিয়েছিলেন কেকেআরের প্লেয়াররা। যেখা ব্যাট হাতে নজর কেড়েছেন সার্থক রঞ্জন। দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেললেও এবারের আইপিএলে কেকেআরের জার্সিতে খেলতে দেখা যাবে সার্থককে। প্রথম যে প্রস্তুতি ম্যাচটি হয়েছিল, সেই ম্যাচে ১৬ বলে ৩৭ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন সার্থক। যা দেখে বেশ খুশি কলকাতার সমর্থকরা। নিজের ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকান সার্থক। ২৪০ এর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ২৯ বছরের এই তরুণ ব্যাটার৷
তবে সার্থকের কিন্তু আরও একটা পরিচয়ও রয়েছে। বিহারের পুর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদবের ছেলে তিনি। যিনি কিছুদিন আগেই গ্রেফতার হয়েছিলেন। কিন্তু কেন? আসলে ৩১ বছর আগের একটি মামলা। ১৯৯৫ সালে একট মামলা করা হয়েছিল পাপ্পু যাদবের নামে। সেখানে মামলাকারী জানিয়েছিলেন যে তাঁর বাড়ি ভাড়ার নামে নিলেও তা দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়েছিল। আর সেই বিষয়টি বেমালুম চেপে দেওয়া হয়েছিল। গ্রেফতারি পরোয়ানা জারি করা সত্ত্বেও একাধিকবার হাজিরা এড়িয়ে গিয়েছিলেন পাপ্পু ও অন্যান্য অভিযুক্তরা। এরপর নোটিশ দিয়েও কোনও ফয়সালা না হওয়ায় শেষে ফেব্রুয়ারিতে পাপ্পু যাদবকে গ্রেফতার করেছিল পুলিশ।
যদিও ছেলে বাবার মত রাজনীতির ময়দান নয়, ২২ গজকেই বেছে নিয়েছেন। কেকেআরের অনুশীলন ম্যাচে সার্থকের ব্যাটিং নজর কেড়েছে ম্যানেজমেন্টের। পাপ্পুও তাঁর ছেলের ব্যাটিং দেখে উচ্ছ্বাস প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “জমিয়ে খেল। দারুণ পারফর্ম করো। নিজের প্রতিভার পরিচয় দিয়ে দলে জায়গা করে নাও। এখন আমার ছেলের পরিচয়ে আমাকে চিনবে মানুষে।”
নাইট শিবিরে এবার নেই রাসেল। ফলে লোয়ার অর্ডারে বাড়তি দায়িত্ব নিয়েই খেলতে হবে রিঙ্কু, গ্রিনদের। তবে সার্থক ও তেজস্বীর মত প্লেয়াররাও সম্পদ হতে পারেন এই দলের। গত বছর নিলাম থেকে ৩০ লক্ষ টাকা বেস প্রাইসে সার্থককে দলে নিয়েছিল কেকেআর। এর আগে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেছেন। দিল্লি প্রিমিয়ার লিগেও নজর কেড়েছেন। এবার আইপিএলের মত বিশ্বমঞ্চে সার্থক কেমন খেলেন, তা দেখার।
