Iran Israel War: ইরানের নতুন শাসক হিসেবে ঘোষণা করা হয়েছে প্রয়াত আয়াতোল্লা আলি খামেনেইয়ের পুত্র মোজতবার নাম। এবার সেই মোজতবার নামের মিসাইল নিয়েই হামলা চালাল ইরান। ক্ষেপণাস্ত্রের নাম রাখা হয়েছে মোজতবা খামেনেইয়ের নামে। আর সেই মিসাইলের সাহায্যে ইজরায়েলে আক্রমণ করেছে ইরান। জানা গিয়েছে, বাহরিনের তেল শোধনাগারে ইরানের তরফে মিসাইল হামলা করা হয়েছে। বাহরিনে থাকা আমেরিকা নৌসেনা ঘাঁটিতেও হামলা করেছে ইরান। ইজরায়েলের একাধিক জায়গায় ইরানের তরফে ক্লাস্টার বোমা ফেলেও আক্রমণ করা হয়েছে বলে খবর।
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজরায়েল যৌথভাবে হামলা করে ইরানে। এই আক্রমণে নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেই। শুধু আয়াতোল্লা খামেনেই নন, আমেরিকা এবং ইজরায়েলের হামলায় মৃত্যু হয় খামেনেইয়ের স্ত্রী, কন্যা, জামাই এবং নাতনির। ইজরায়েল এবং আমেরিকার হয়তো অনুমান ছিল সর্বোচ্চ শাসকের মৃত্যুর পর ইরান কিছুটা দমে যাবে। তবে তা হয়নি। খামেনেইয়ের মৃত্যুর পরই ইরান হুঁশিয়ারি দিয়েছিল যে তারা প্রতিশোধ নেবে। সেই মতোই ইজরায়েল এবং আমেরিকার হামলার পাল্টা জবাব দিয়েছে ইরান। আর সম্প্রতি আয়াতোল্লা খামেনেইয়ের পুত্র মোজতবার নামে মিসাইলের নামকরণ করে, সেই ক্ষেপণাস্ত্র দিয়ে ইজরায়েলে হামলা চালিয়েছে ইরান।
প্রসঙ্গত উল্লেখ্য, খামেনেইয়ের মৃত্যুর পর থেকেই ইরানের পরবর্তী শাসক হিসেবে শোনা যাচ্ছিল মোজতবার নাম। আয়াতোল্লা খামেনেইয়ের এই পুত্রের নামই এগিয়ে ছিল ইরানের নতুন সর্বোচ্চ শাসক হওয়ার দৌড়ে। সেই মতোই মোজতবা খামেনেইকে ইরানের নতুন সর্বোচ্চ শাসক হিসেবে ঘোষণা করা হয়েছে। ইরান যে শুধু ইজরায়েলে হামলা চালাচ্ছে তা কিন্তু নয়। ইজরায়েলের বন্ধু দেশেও চলছে আক্রমণ। মূলত সেনাঘাঁটিগুলিকেই নিশানা করছে ইরান। উল্টো দিক থেকে পাল্টা হামলা চালাচ্ছে ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রও।
টানা ১০ দিন ধরে চলছে পশ্চিম এশিয়ায় মহাসংঘাত। একদিকে আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে হামলা চালাচ্ছে ইরানের ওপর। পাল্টা আঘাত হানছে ইরানও। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এই যুদ্ধ ৪ সপ্তাহ চলতে পারে। কিন্তু আত্মসমর্পণের সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে ইরানের রেভোলিউশনারি গার্ডস হুঁশিয়ারি দিয়েছে, তারা এই যুদ্ধ ৬ মাস পর্যন্ত চালিয়ে যেতে পারে। এদিকে পশ্চিম এশিয়ার এই সংঘাতের আঁচ সরাসরি গিয়ে পড়েছে হরমুজ প্রণালীতে। সেখানে বহু তৈলবাহী জাহাজ ও ট্যাঙ্কার আটকে থাকার কারণে বিশ্বজুড়ে প্রবল তেলের ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। বাড়ছে অপরিশোধিত তেলের দাম। আমেরিকা ও ইজরায়েল বনাম ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে ভারতে বেড়েছে রান্নার গ্য়াসের দামও।
