Iran Israel US War: অবশেষে নিরাপদে হরমুজ প্রণালী পার করে গুজরাতের বন্দরে পৌঁছল ভারতের এলপিজি ট্যাঙ্কার। ‘শিবালিক’- ভারতের পতাকা লাগানো এই এলপিজি ট্যাঙ্কার গুজরাতের মুন্দ্রা বন্দরে এসে পৌঁছেছে সোমবার। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই এলপিজি ট্যাঙ্কার ছাড়াও আরেকটি ট্যাঙ্কার যার নাম ‘নন্দা দেবী’ সেটিও হরমুজ পেরিয়ে মঙ্গলবার মুম্বইয়ের বন্দরে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে। এর আগে লাইবেরিয়ার পতাকা লাগানো একটি ট্যাঙ্কার সৌদি আরব থেকে এসেছে ভারতে। এটিই ছিল প্রথম ট্যাঙ্কার যা অপরিশোধিত তেল নিয়ে এসেছিল। এরপর দ্বিতীয় ট্যাঙ্কার শিবালিক যা গুজরাতের মুন্দ্রা বন্দরে ইতিমধ্যেই এসে গিয়েছে। এবার তৃতীয় ট্যাঙ্কার নন্দা দেবীর মুম্বইয়ের বন্দরে আসার অপেক্ষা।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে উত্তপ্ত পশ্চিম এশিয়া। যুদ্ধ চলছে ইরান এবং ইজরায়েল ও আমেরিকার মধ্যে। ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু হয়। এরপর থেকেই ক্ষোভে ফুঁসছে ইরান। এই যুদ্ধের জেরে হরমুজ প্রণালীও বন্ধ করে দিয়েছিল ইরান। তার ফলে আন্তর্জাতিক বাজারে একলাফে দাম বেড়েছে জ্বালানির। কারণ যে হরমুজ প্রণালী দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাসের আমদানি-রপ্তানি হয়, সেটাই বন্ধ করে দিয়েছিল ইরান। এর প্রভাব পড়েছে তীব্র ভাবে।
