March 14, 2026
880c1ceada5f861d7b9897fd79c0674c177346305557150_original.jpg
Spread the love


ঢাকা: খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ‘অসাধারণ রান আউট।’ গৌরবাণ্বিত করা হচ্ছে গোটা ঘটনাকে। বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ যেভাবে পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘাকে রান আউট করেছেন, তা নিয়ে ক্রিকেট বিশ্ব অগ্নিগর্ভ। ক্রিকেটের স্পিরিট মানা হয়নি বলে তোপ দেগেছেন বিশ্বের তাবড় ক্রিকেটারেরা।

এবার বাংলাদেশের অধিনায়ককে তীব্র ভাষায় আক্রমণ করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। এক্স হ্যান্ডলে কাইফ লিখেছেন, ‘এটা ঠিক হল না। উইকেট নেওয়ার যতই মরিয়া তাগিদ থাকুক না কেন, এই আউট করার কোনও যুক্তিগ্রাহ্য কারণ থাকতে পারে না। তাও আবার একজন অধিনায়ক করছে! তরুণরা মনে রেখো, বিশ্বকাপ ফাইনাল জেতার সুযোগ থাকলেও বাংলাদেশের অধিনায়ক যা করেছে কখনও কোরো না। পরিচ্ছন্নতা না থাকলে সেটা খেলাধুলো নয়।’

 

কী এমন ঘটেছে ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে? ঘটনাটি ম্যাচের প্রথম ইনিংসে পাকিস্তানের ব্যাটিয়ের সময়। ম্যাচের ৩৯তম ওভার চলছে, পাকিস্তানের স্কোর দু’শোর গণ্ডি পার করে গিয়েছে। ক্রিজে তখন দুই সেট হয়ে যাওয়া ব্যাটার মহম্মদ রিজওয়ান এবং সলমন আলি আঘা (Salman Ali Agha)। রিজওয়ান অর্ধশতরানের পথে এগোচ্ছেন, আর আঘা হাফসেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন। পার্টনারশিপও শতরান পার করেছে। পাকিস্তান শেষ ১০ ওভারে বড় রান করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

এমন সময়ই বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজের এক বল সোজা ব্যাটে মিড অনের দিকে ঠেলে দেন রিজওয়ান। দৌড়ে বল ধরতে যান মিরাজ, অপরদিকে আঘাও ক্রিজে ঢুকতে মরিয়া। তাই প্রথমে দুজনে ধাক্কা লাগে। তারপরে আঘা নিজেই বল তুলে দিতে যাচ্ছিলেন মিরাজের হাতে। তবে মিরাজ হাতে বল পেয়েই উইকেট ভেঙে দেন। তখন ক্রিজের বাইরেই ছিলেন আঘা। আউটের আবেদন করেন বাংলাদেশের ক্রিকেটারেরা। তৃতীয় আম্পায়ার তাই রিপ্লে দেখে আঘাকে রান আউট ঘোষণা করেন।

ড্রেসিংরুমে ফেরার পথে রাগে গজগজ করতে করতে হেলমেট, দস্তানা ছুঁড়ে ফেলে দেন আঘা। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন আঘা। মিরাজের সঙ্গে তাঁকে খানিকটা তর্কতর্কিও করতে দেখা যায়। এবার ক্ষোভ উগরে দিলেন কাইফ।

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks