করাচি: পাঁচদিন পরেই শুরু হচ্ছে আইপিএল (IPL 2026)। উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন, তা নিয়ে চর্চা চলছে। প্রথম দিনই টুর্নামেন্টে হাইভোল্টেজ ম্যাচ। নামছে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। দ্বিতীয় দিন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামছে কলকাতা নাইট রাইডার্স। শুধু ভারতের নয়, ধুন্ধুমার ক্রিকেটীয় লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা।
আর সেই সময়ই পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League 2026) ঘিরে আঁধার। একের পর এক বিদেশি ক্রিকেটারদের নাম প্রত্যাহার, যাতায়াত নিয়ে সমস্যা তো আছেই, সেই সঙ্গে যুক্ত হয়েছে নিরাপত্তা নিয়ে কড়াকড়ি। জটিলতায় হাঁসফাস করছে পাকিস্তান সুপার লিগ। এবার শোনা যাচ্ছে আরও এক বড় ধাক্কার কথা। রুদ্ধদ্বার স্টেডিয়ামে হতে পারে পিএসএল। এবং সেটাও দুটো কেন্দ্রে।
শোনা যাচ্ছে, শুধু লাহৌর ও করাচিতে পিএসএলের ম্যাচগুলি হতে পারে। তবে সেই ম্য়াচগুলি জনসাধারণের দেখার ব্যবস্থা থাকবে না। ক্লোজ়ড ডোর খেলা হবে বলে শোনা যাচ্ছে। মধ্য প্রাচ্যে যুদ্ধের জেরে এইভাবে টুর্নামেন্ট করা হবে বলে পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে খবর। আগে ঠিক ছিল, ছয় শহরে হবে পিএসএলের ম্যাচ। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সবই কাটছাঁট করা হচ্ছে। ২৬ মার্চ শুরু হওয়ার কথা পিএসএল।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি (PCB chairman Mohsin Naqvi) জানিয়েছেন, পাকিস্তান সুপার লিগ নিয়ে বিভিন্ন পরামর্শদাতার সঙ্গে কথা বলা হচ্ছে। পাক প্রধানমন্ত্রী ও নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। নকভি জানিয়েছেন, টুর্নামেন্টের শুরুর দিকের ম্যাচগুলি অন্তত দর্শকশূন্য মাঠে খেলা হবে। মধ্য প্রাচ্যের অশান্তি ও যুদ্ধ না থামলে এভাবেই টুর্নামেন্ট খেলা হবে বলে ইঙ্গিত দিয়েছেন নকভি।
নকভি জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সরাসরি ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। নতুন করে সূচি ঘোষণা করা হবে দ্রুত।
আন্তর্জাতিক ক্রিকেট হোক বা রাজনৈতিক মঞ্চ, ভারত বনাম পাকিস্তানের লড়াইটা সর্বত্রই। সেই লড়াইটা ফ্র্যাঞ্চাইজ়ি লিগেও প্রকাশ পায়। প্রায়শই পিএসএল না আইপিএল, কোন ফ্র্যাঞ্চাইজ়ি লিগ সেরা, সেই নিয়ে সমর্থকরা তর্ক, বিতর্কে জড়ান। এমনকী এবারে তো আইপিএল এবং পিএসএল ফের একবার একদম একই সময়ে আয়োজিত হবে। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহগুলির দিকে তাকালে বোঝাই যায় যে কোন দলের মান, কদর ঠিক কতটা।
অতীতে কর্বিন বস্ক পিএসএলের চুক্তি ছেড়ে আইপিএলে যোগ দিয়েছিলেন। এ বছরে ইতিমধ্যেই ব্লেসিং মুজ়ারাবানি সেটাই করেছেন। শোনা যাচ্ছে গুদাকেশ মোতি, ওটনিল বার্টম্যানরাও আইপিএল খেলার জন্যই পিএসএল থেকে নাম প্রত্যাহার করেছেন। এবার সেই তালিকায় শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকার (Dasun Shanaka) নামও যোগ হচ্ছে বলে খবর।
