February 25, 2026
d37bb0004411c1378259f99d7adcaca8177201654276150_original.jpg
Spread the love


সন্দীপ সরকার, কলকাতা: বাবা মৃত্যুশয্যায়। যমে-মানুষে টানাটানি চলছে। অথচ দেশের স্বার্থকে প্রাধান্য দিচ্ছেন ছেলে? হবে নাই বা কেন, বাবা নিজেই যে সবচেয়ে বেশি খুশি হন ছেলে দেশের প্রতিনিধিত্ব করলে!

তাই সঙ্কটজনক অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে থাকা বাবাকে দেখেই ফের চেন্নাই ফিরে যাচ্ছেন রিঙ্কু সিংহ। বুধবারই তাঁর জাতীয় দলে যোগ দেওয়ার কথা। তাঁর দায়বদ্ধতা দেখে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা।

অতীতে ভারতীয় ক্রিকেটে এমন অমর দৃশ্যপট একাধিকবার তৈরি হয়েছে। বাবার অন্ত্যেষ্টি সেরে দেশের হয়ে মাঠে নেমে সচিন তেন্ডুলকরের সেঞ্চুরি আর আকাশে প্রয়াত বাবাকে খোঁজার দৃশ্য ভারতীয় ক্রিকেটে রূপকথায় জায়গা করে নিয়েছে। বাবার মৃত্যুর পরেও মাঠে নেমে দিল্লির হয়ে অনবদ্য পারফর্ম করেছিলেন বিরাট কোহলি। এখনও দেশের যে কোনও কোচিং ক্যাম্পে খুদে শিক্ষার্থীদের উৎসাহ দিতে যে দুই কাহিনি শোনান প্রাজ্ঞ কোচেরা। এবার কি সেই তালিকায় যোগ হল রিঙ্কু সিংহের নামও?

আমদাবাদে টি-২০ বিশ্বকাপের সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে ম্যাচে বড় হারের পর ভারতীয় দল এখন চেন্নাইয়ে। সেখানেই বৃহস্পতিবার জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সুপার এইটের মরণ-বাঁচন ম্যাচ রয়েছে ভারতের। সেই ম্যাচের আগে আচমকাই ভারতীয় শিবির ছেড়ে বাড়ি ফিরেছিলেন রিঙ্কু। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে পরে জানা গিয়েছিল যে, বাড়িতে আপদকালীন পরিস্থিতির জন্য দল ছেড়ে যান রিঙ্কু।

কী হয়েছে তাঁর পরিবারে? ভারতীয় শিবির সূত্রে খবর, রিঙ্কুর বাবা খানচন্দ্র সিংহ ক্যান্সারে আক্রান্ত। তাঁর শারীরিক পরিস্থিতি উদ্বেগজনক। গ্রেটার নয়ডার এক হাসপাতালে ভর্তি রয়েছেন খানচন্দ্র। শোনা যাচ্ছে, রিঙ্কুর বাবার লিভার ক্যান্সার ধরা পড়েছে। স্টেজ ফোর পর্বে রয়েছে কর্কটরোগ। চিকিৎসা পরিভাষায় যা অত্যন্ত সঙ্কটজনক। বাবার পাশে থাকতেই ভারতীয় শিবির ছেড়েছিলেন রিঙ্কু। তবে বুধবার, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের একদিন আগে তিনি চেন্নাইয়ের ফিরে দলের সঙ্গে যোগ দিচ্ছেন। ভারতীয় দলের সহকারী ব্যাটিং কোচ সীতাংশু কোটাকও যা জানিয়েছেন।

তবে বৃহস্পতিবার রিঙ্কুকে খেলানো হবে কি না, ধোঁয়াশা রয়েছে। কারণ, টিম কম্বিনেশন নিয়ে চিন্তাভাবনা করছে ভারতীয় দল। চেন্নাইয়ে খোঁজ নিয়ে জানা গেল, সঞ্জু স্যামসনকে ফেরানো হতে পারে একাদশে। অভিষেক শর্মার সঙ্গে তিনিই হয়তো ইনিংস ওপেন করবেন। তিন নম্বরে নামতে পারেন ঈশান কিষাণ।

সঞ্জু খেললে বসানো হতে পারে রিঙ্কুকে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন গুরু গৌতম গম্ভীর।

রিঙ্কু ম্যাচে খেলুক বা না খেলুক, তাঁর আত্মত্যাগ ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিয়েছে। তাঁর বাবার আরোগ্য কামনায় প্রার্থনা করছে গোটা দেশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks