কলকাতা: মরশুম শুরু হতে আর দিন দশেকও বাকি নেই। ইতিমধ্যেই একে একে সব আইপিএল ফ্র্যাঞ্চাইজ়িগুলি নিজেদের বেসে জমায়েত হয়ে অনুশীলন শুরু করে দিয়েছে। গতকাল, মঙ্গলবার, ১৮ মার্চই নতুন মরশুমের আগে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ইডেন গার্ডেন্সে নিজেদের অনুশীলন শুরু করে দিয়েছে। সেখানেই দলের কোচ একগুচ্ছ নতুন তারকা এবং বেশ কিছু চেনা মুখকে কেকেআর শিবিরে স্বাগত জানালেন অভিষেক নায়ার (Abhishek Nayar)।
এই নতুন তারকাদের মধ্যে রয়েছেন কেকেআরের দীর্ঘকায় ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানিও (Blessing Muzarabani)। মুস্তাফিজুর রহমানের বদলি খেলোয়াড় হিসাবে মুজারাবানিকে দলে নিয়েছে কেকেআর। দীর্ঘকায় ফাস্ট বোলার তাতেন্দা তাইবুর পর কেকেআরের দ্বিতীয় জিম্বাবোয়েন ক্রিকেটার। তাঁকেই বিশেষভাবে স্বাগত জানালেন কেকেআরের কোচ। তিনি বলেন, ‘আমাদের মধ্যে আমরা মুজারাবানিকে স্বাগত জানাচ্ছি। ব্লেসিং তুমি আমাদের জন্য ব্লেসি ইন ডিজ়গাইজ়। জানি এখনও পর্যন্ত তুমি আড়ালেই ছিলে। তবে তোমাকে দলে পাওয়াটা দারুণ বিষয়। কেকেআরের অংশ হওয়া সবথেকে লম্বা সদস্য তুমি। তোমায় স্বাগত, আশা করছি আমাদের সঙ্গে তোমার সময়টা ভাল কাটবে এবং আমাদের সকলের সঙ্গ তুমি উপভোগ করবে।’
Some welcomes, some comebacks 💜 pic.twitter.com/tC0lwFVzSQ
— KolkataKnightRiders (@KKRiders) March 18, 2026
ব্লেসিং মুজারাবানি পিএসএলে নির্বাচিত হয়েছিলেন। তবে সেই চুক্তি প্রত্যাখ্যান করে মুজারাবানি কেকেআরে মুস্তাফিজুরের পরিবর্ত হিসাবে যোগদান করেন। সদ্য সমাপ্তি টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ১৩টি উইকেট নিয়ে টুর্নামেন্টের অন্যতম সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হন। ভাল বিশ্বকাপই তাঁকে আইপিএল চুক্তি পেতে সাহায্য করে। এবার দেখার আইপিএলে সুযোগ পেলে তিনি কেমন পারফর্ম করেন।
