কলকাতা: আইপিএল (IPL 2026) শুরু হতে আর মাত্র সপ্তাহ দুয়েক বাকি। তার আগে নতুন জার্সি উন্মোচন করল কলকাতা নাইট রাইডার্স (KKR)। যে জার্সিতে রয়েছে চমকও।
কেকেআর ২০২৬ সালের আইপিএলের জন্য জার্সি উন্মোচন করল। জার্সিতে কেকেআরের পরিচিত বেগুনি ও সোনালি রংয়ের ছোঁয়া। কেমন হল নাইটদের নতুন জার্সি?
আইপিএলে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR)। আইপিএলের আগে তাদের নতুন জার্সি উন্মোচন করা হয়েছে, যার থিম “Lines of Legacy”। এই নকশার তুলে ধরা হয়েছে আইপিএলে কেকেআরের গোটা সফরকে। ২০০৮ সালে উদ্বোধনী ম্যাচে ব্রেন্ডন ম্যাককালামের অপরাজিত ১৫৮ রানের ইনিংস থেকে শুরু করে রিঙ্কু সিংহের শেষ ওভারে পাঁচটি ছক্কা – কেকেআর এমন বহু মুহূর্ত উপহার দিয়েছে সমর্থক-অনুরাগীদের। প্রত্যেক মুহূর্ত যেন ফ্র্যাঞ্চাইজির সোনালি ইতিহাসের একটি করে রেখা। আর সেই রেখাগুলি একসঙ্গে মিলেই বিমূর্ত লিনিয়ার আর্টের ধাঁচে তৈরি করেছে K K R -এর আদ্যক্ষর।
জার্সি উন্মোচন প্রসঙ্গে কলকাতা নাইট রাইডার্সের চিফ এগজিকিউটিভ অফিসার বেঙ্কি মাইসোর বলেন, ‘Lines of Legacy কেকেআরের সমৃদ্ধ ইতিহাসের সারাংশকে তুলে ধরে এবং বছরের পর বছর ধরে দলের যাত্রাকে উদযাপন করে। প্রতিটি রেখা এক একটি উজ্জ্বল মুহূর্তের প্রতিনিধিত্ব করে, যা একসঙ্গে মিলেই আমাদের পরিচয় গড়ে তোলে। আমরা এই ঐতিহ্য নিয়ে গর্বিত এবং আসন্ন মরশুমে সেটিকে আরও সমৃদ্ধ করতে চাই, যাতে আমাদের সমর্থকেরা আরও অনেক স্মরণীয় মুহূর্ত উপভোগ করতে পারেন।’
জার্সি লঞ্চ ভিডিও দেখুন:
[https://www.youtube.com/watch?v=g37ESHDA2FQ](https://www.youtube.com/watch?v=g37ESHDA2FQ)
কলকাতা নাইট রাইডার্সের চিফ মার্কেটিং অফিসার বিন্দা দে বলেন, ‘আমাদের ‘Kya Line Hai?’ ক্যাম্পেইন ফিল্মে অভিনেতা রজত বেদি, কমেডিয়ান অনির্বাণ দাসগুপ্ত এবং কলকাতার আরও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে আমরা ‘Lines of Legacy’-এর ধারণাকে জীবন্ত করে তুলতে চেয়েছি এবং কেকেআরের যাত্রাকে তুলে ধরার পাশাপাশি আইকনিক মুহূর্তগুলো উদযাপন করতে চেয়েছি। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সমর্থকদের সেই গল্পের অংশ হতে আমন্ত্রণ জানাচ্ছি, যখন আমরা নতুন মরশুমের দিকে এগিয়ে যাচ্ছি। কলকাতার স্থানীয় ইনফ্লুয়েন্সার ও ক্রিয়েটরদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে আমরা দলের ঐতিহ্যকে মজার ও স্বতঃস্ফূর্তভাবে সমর্থকদের কাছে পৌঁছে দিতে পেরেছি।”
নতুন কিট নিয়ে সমর্থকদের উচ্ছ্বাসের প্রতিফলন সোশ্যাল মিডিয়াতেও দেখা গেছে—জার্সি উন্মোচনের আগে টানা ৪৮ ঘণ্টা ধরে #LinesOfLegacy সব ডিজিটাল প্ল্যাটফর্মে ট্রেন্ড করেছে।
