হায়দরাবাদ: আইপিএল (IPL 2026) শুরু হতে আর মাত্র দিন চারেক বাকি। টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। গতবারের চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ রয়েছে ঈশান কিষাণদের। তার আগে সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে অশান্তি!
প্যাট কামিন্স চোটের জন্য আইপিএলের শুরুর দিকে নেই। তাঁর পরিবর্তে আইপিএলের শুরুর দিকে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন ঈশান। যিনি টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য। আর সেই ঈশান কিষাণকেই নাকি মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলা হল! যে ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল মাঠেই।
শনিবার, ২৮ মার্চ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধন। প্রথম ম্যাচে আরসিবির মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। তার আগে নিজেদের মধ্য়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলছিল হায়দরাবাদ।
সেই ম্যাচে ঈশান কিষাণ আউট হওয়ার পর তাঁকে উত্তেজিত হয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন সতীর্থ জিশান আনসারি। তাতেই অশান্তি বাঁধে। মাঠে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ঠিক কী হয়েছিল?
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসের অষ্টম ওভারের ঘটনা। দুরন্ত ছন্দে ছিলেন ঈশান। তিনি লেগস্পিনার জিশান আনসারির বিরুদ্ধেও আগ্রাসী শট খেলছিলেন। তাঁর প্রথম চার বলে দুটি করে চার ও ছক্কা মারেন বিধ্বংসী ঈশান। প্রথম ৪ বলে ২০ রান হজম করে স্বাভাবিকভাবে বিরক্ত ছিলেন জিশান। তবে পঞ্চম বলে বাজিমাত করেন লেগস্পিনার। তাঁর বলে শট খেলতে গিয়ে সঠিকভাবে টাইমিং করতে পারেননি ঈশান। বল উঠে যায় ডিপ স্কোয়্যার লেগে। সহজ ক্যাচ দিয়ে আউট হন ঈশান।
উইকেট পেয়েই উত্তেজিত সেলিব্রেশন শুরু করেন জিশান। ঈশানকে তিনি ইঙ্গিত করে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলেন। যে অঙ্গভঙ্গি দলের অনেকেই ভালভাবে মেনে নেননি বলে খবর।
🚨 BIG FIGHT IN SRH PRACTICE MATCH !🤯
SRH captain Ishan Kishan scored 20 runs in one over against leg-spinner Zeeshan, but on the last ball of the over, Zeeshan dismissed him. After taking the wicket, Zeeshan pointed his finger at Ishan Kishan, which led to an argument between… pic.twitter.com/W9eLDOVyVB
— lndian Sports Netwrk (@IS_Netwrk29) March 21, 2026
তবে ঈশান বিষয়টাকে মজার ছলেই নিয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তিনি জিশানের দিকে তাকিয়ে হাসেন। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে ঈশানকে রীতিমতো আঙুল দেখিয়ে মাঠের বাইরে যেতে বলেছেন জিশান। তবে হায়দরাবাদ শিবির থেকে বলা হচ্ছে, গোটা বিষয়টাই প্রতিদ্বন্দ্বিতামূলক আবহে হয়েছে। ব্যক্তিগত আক্রোশের কিছু নেই।
