কলকাতা: লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম কল্যাণকর প্রকল্পের মধ্যে অন্যতম। সমাজের প্রতিটি শ্রেণীর মহিলার মধ্যেই এই প্রকল্পের জনপ্রিয়তা তুঙ্গে। রাজনৈতিক মহলের মতে, লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অত্যন্ত সফল একটি উদ্যোগও বটে। অতি সম্প্রতি ২০২৬ সালের অন্তবর্তী বাজেটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লক্ষ্মীর ভাণ্ডারে প্রাপ্ত অর্থের পরিমাণ ৫০০ টাকা বাড়িয়ে দিয়েছেন। এখন প্রতি মাসে এই প্রকল্পে মিলবে ১,৫০০ টাকা। তপশিলি জাতি ও উপজাতিদের মিলবে ১,৭০০ টাকা।
সরকারের তরফে নতুন আবেদনকারীদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। তা সত্ত্বেও অনেকেরই টাকা পেতে সমস্যা হচ্ছে। আবেদনপত্রে কিছু ত্রুটির কারণে এমনটা হয়ে থাকতে পারে। আবেদনপত্র এবং লক্ষ্মীর ভাণ্ডারে প্রয়োজনীয় কোনও একটি নথিতে যদি সামান্য কোনও ত্রুটিও থেকে থাকে, সেক্ষেত্রে টাকা আটকে যাবে।
কোন কোন ভুলে আটকাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা?
- আবেদনপত্রে লেখা আপনার নামের বানান যদি আধার কার্ড বা অন্যান্য নথির সঙ্গে না মেলে, সেক্ষেত্রে আবেদনটি খারিজ অথবা স্থগিত হয়ে যেতে পারে। পাশাপাশি, আপনার আধার কার্ডে (Aadhar Card) লেখা বাবা/স্বামীর নাম যদি আবেদনপত্রে উল্লেখ করা নামের বানানের সঙ্গে না মেলে, সেক্ষেত্রেও এমন সম্ভাবনা রয়েছে।
- আপনি লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করার সময় সেখানে দেওয়া অ্যাকাউন্ট নম্বর কিংবা আইএফএসসি কোড (IFSC Code) যদি ভুল হয় অথবা কেওয়াইসি (KYC) না করা থাকে সেক্ষেত্রেও আবেদন স্থগিত হয়ে যেতে পারে।
- লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে যদি কোনও সমস্যা হয়, সেক্ষেত্রেও আপনার টাকা পাওয়া সমস্যার হয়ে দাঁড়াতে পারে।
লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক:
- আপনি কি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাবেন? জানতে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেকে ক্লিক করুন। socialsecurity.wb.gov.in- এখানে
- সেখানে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর এবং স্বাস্থ্যসাথী কার্ড নম্বরের অপশন দেখতে পাবেন। এই চারটি অপশনের যে কোনও একটিতে ক্লিক করলে স্ট্যাটাসের পেজটি খুলে যাবে।
- যদি সেখানে ভ্যালিডেশন এরর (Validation Error) দেখায়, বুঝতে হবে আপনার দেওয়া তথ্যে কোনও না কোনও ত্রুটি রয়েছে।
লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতে কী করবেন?
স্ট্যাটাসে যদি ‘ভ্যালিডেশন এরর’ দেখায় সেক্ষেত্রে আপনি যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন (Apply) করেছিলেন সেখানে যোগাযোগ করুন। যদি আপনি দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar Camp) আবেদন করে থাকেন, সেখানে যান। যদি বিডিও অফিসে (BDO Office) আবেদন করে থাকেন, তবে সেখানে যেতে হবে। সংশ্লিষ্ট অফিসে গিয়ে নিজের সমস্যার কথা খুলে বলুন। কী সমস্যা তা বিশদে বোঝাতে চাইলে প্রয়োজনে স্ট্যাটাসের একটি ফটোকপি সঙ্গে রাখতে পারেন।
আপনার আবেদনের ত্রুটি যদি ছোটোখাটো হয়, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যা বলছে তাই করুন। যদি তা একেবারেই ভুল হয়, সেক্ষেত্রে ফের নতুন করে আবেদন করতে হতে পারে। সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি যা পরামর্শ দেবেন, তা মেনে চলুন।
তবে মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডারে আপনার আবেদন যদি ত্রুটিপূর্ণ হয়, দেরি না করে তা সংশোধন করে নেওয়াই শ্রেয়। তা না হলে রাজ্য সরকারের এই প্রকল্প থেকে আপনি বঞ্চিত হতে পারেন।
