চেন্নাই: শুক্রবার ২১০ রানের পুঁজি হাতে নিয়েও পঞ্জাব কিংসের কাছে হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। যে হারের পর সমালোটনার ঝড় বয়ে যাচ্ছে। বলাবলি হচ্ছে, যে চিপক স্টেডিয়ামকে সিএসকে-র দুর্গ বলা হতো, এখন সেই মাঠেই লজ্জার হার হজম করতে হচ্ছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের। আয়ূষ মাত্রের দুরন্ত ইনিংসও শুক্রবার ব্যর্থ হয় সিএসকে ম্যাচ হেরে যাওয়ায়।
ম্যাচের পর সিএসকে-র অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (CSK captain Ruturaj Gaikwad) বলেন, ‘আমরা ভাল রানই তুলেছিলাম। পিচ থেকে পেসাররা সাহায্য পেয়েছে। তবে স্পিনাররাও গ্রিপ পেয়েছে। বল কিছুটা থমকে এসেছে। ব্যাটে ভালভাবে বল আসছিল না। মন্থর গতির বল বেশ থমকে আসছিল।’
গায়কোয়াড়ের যে মন্তব্য মেনে নিতে পারছেন না প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা সিএসকের প্রাক্তন তারা সুব্রহ্মণ্যম বদ্রীনাথ (Subramaniam Badrinath)। পিচ নিয়ে গায়কোয়াড়ের মূল্যায়ন মেনে নিতে পারছেন না বদ্রীনাথ। বলেছেন, ‘এটা বিশ্বাস করব আমরা এতটাই বোকা? উইকেট মন্থর হয় কী করে? ২০৯ রান তুললে, আর রান তাড়া করতে নেমে একটা মিনিটও ওরা চাপে ছিল না। তাহলে পিচ কী করে মন্থর হয়?’
সমালোচনার সুর চড়িয়ে বদ্রীনাথ বলেছেন, ‘সিএসকে তো দ্বিধায় ভুগছে। মাত্রে ও রুতুরাজ ভাল পার্টনারশিপ গড়ল। রুতুরাজ আউট হয়ে যাওয়ার পর মিডল অর্ডারে পুরো শূন্যতা। কার্তিক শর্মা, প্রশান্ত বীর ও সরফরাজ খান অভিজ্ঞতার অভাবে ভুগছে। ওরা ওভার্টনকেও খেলতে পারল না। মিডল অর্ডারে শিবম দুবে ছাড়া কোনও অভিজ্ঞতা নেই।’
আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন। অথচ এবারের আইপিএলে শুরুটা দুঃস্বপ্নের মতো হয়েছে চেন্নাই সুপার কিংসের। পরপর দুই ম্যাচে হার। চোটের জন্য খেলছেন না মহেন্দ্র সিংহ ধোনি। সব মিলিয়ে প্রবল চাপে সিএসকে। আর চেন্নাই সুপার কিংসের টানা ব্যর্থতা দেখে ফুঁসছেন দলের এক পুরনো সৈনিক।
তিনি, আর অশ্বিন (Ravichandran Ashwin)। চিপক স্টেডিয়াম চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ। একটা সময় যে মাঠকে সিএসকে-র দুর্গ বলা হতো। এই মাঠে দুর্দান্ত সাফল্য রয়েছে চেন্নাইয়ের। অথচ সেই মাঠে পঞ্জাব কিংসের কাছে একপেশেভাবে হেরেছে চেন্নাই সুপার কিংস। যা দেখে ক্ষুব্ধ অশ্বিন। সাফ বলে দিচ্ছেন, এই খেলা দেখা যন্ত্রণার! অশ্বিন এ-ও জানিয়েছেন যে, কড়া সমালোচনা করায় সিএসকে সমর্থকদের কেউ যদি তাঁকে গালমন্দ করেন, তাও তিনি মেনে নেবেন।
