April 2, 2026
9625382f4ccc9cfe19f42717eaa1f666177515470634950_original.jpg
Spread the love


সন্দীপ সরকার, কলকাতা: টি-২০ ফর্ম্যাটে তিনি নিজে ওপেন করতে ভালবাসেন। বিশেষজ্ঞদের অনেকেও বলেন যে, তাঁর খেলার যেরকম ধরন, তাতে টি-২০ ক্রিকেটে রান পেতে গেলে প্রথম ৬ ওভারের পাওয়ার প্লে-র ফিল্ডিং বিধিনিষেধ কাজে লাগাতেই হবে। এছাড়া ঝোড়ো রান তোলার উপায় নেই।

তবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইনিংস ওপেন করেও প্রবল সমালোচনার শিকার অজিঙ্ক রাহানে। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৬৫ রানের বিরাট ব্যবধানে হেরে গেল কেকেআর। ২২৭ রান তাড়া করতে নেমে ১৬১ রানে গুটিয়ে গেল কেকেআরের ইনিংস। ওপেন করতে নেমে ১০ বলে ৮ রান করে কেকেআরের রান তাড়া করার গতিতেই যেন ব্রেক কষে দিলেন রাহানে। ৮০ স্ট্রাইক রেট। না মেরেছেন কোনও ছক্কা, না চার।

ম্যাচের শেষ স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন শুনেই মেজাজ হারালেন রাহানে। চাঁচাছোলা ভাষায় বললেন, ‘আমার স্ট্রাইক রেটের প্রসঙ্গ উঠলে বলব, ২০২০ সাল থেকে আমার স্ট্রাইক রেট দেশে সেরা। যাঁরা আমার স্ট্রাইক রেট নিয়ে কথা বলছেন, তাঁরা হয়তো আমার খেলা দেখেন না। যাঁরা বলেন, তাঁরা হয়তো আমার খেলা দেখা পছন্দ করেন না। আমি যতটা সফল হয়তো সেটা নিয়ে তাঁরা আমাকে হিংসে করেন। আমি এসব নিয়ে একেবারেই চিন্তিত নই। এটাকে শুধু আমি একটা খারাপ দিন হিসাবে ব্যাখ্যা করব। খারাপ ইনিংস বলব না, আমার মানসিকতা ছিল। ব্যাটার হিসাবে মাঝে মধ্যে সেই ছন্দ থাকে না।’

এখানেই শেষ নয়। সমালোচকদের উদ্দেশে রাহানে বলেন, ‘যে সমস্ত লোক কথা বলছেন এসব নিয়ে তাঁরা খেলাটা বোঝেন না। তাঁরা চান আমি অন্য ধরনের ক্রিকেট খেলি। তাঁরা আশা করেন অজিঙ্ক রাহানে তার খেলা এতটা উন্নত করবে। আমি খুশি যে আমাকে নিয়ে এত কথা হচ্ছে। আমি ইতিবাচকভাবেই নিচ্ছি।’

রাহানে মুখে যাই বলুন, পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট ১১৩.২৯। সব মিলিয়ে টি-২০ ক্রিকেটে স্ট্রাইক রেট ১২৬.৭০। শুধু আইপিএলে তাঁর স্ট্রাইক রেট ১২৫.৩২। টি-২০ ক্রিকেটে যেখানে এখন সব দল পাওয়ার প্লে-র ৬ ওভারে অন্তত ৮০-৯০ রান তোলাকে পাখির চোখ করছে, সেখানে রাহানের ঠুকঠুক ব্যাটিং কেকেআরের স্ট্র্যাটেজিকে তছনছ করে দিচ্ছে।

আর তারই মাঝে রাহানের বিস্ফোরক কথাবার্তা পরিস্থিতি আরও ঘেঁটে দিল। কেকেআর শিবিরে বিতর্কের বারুদ তৈরি করে দিলেন স্বয়ং অধিনায়ক! কেউ কেউ বলছেন, টুর্নামেন্টের মাঝপথেই কি নেতৃত্ব হারানোর ভয় পাচ্ছেন রাহানে? সে জন্যই কি এত আগ্রাসী কথাবার্তা?

কেকেআর ভক্তরা জয় চাইছেন। বিতর্ক নয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks