মুম্বই: ম্য়াচ হারলেও হৃদয় জিতে নিয়েছে নেপাল ক্রিকেট দল। ইংল্যান্ডের বিরুদ্ধে একেবারে তীরে এসে তরী ডুবেছে। মাত্র ৪ রানের ব্যবধানে হারতে হয়েছে নেপালকে। কিন্তু এই হার থেকেই অনেক শিক্ষা নিয়ে নিয়েছে নেপাল দল। খেলার শেষে সাংবাদিক বৈঠকে এসে সেই কথাই জানালেন নেপালের তারকা ক্রিকেটার নন্দন যাদব।
ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ১৮৪ রান তুলে নিয়েছিল ইংল্যান্ড। শেষ ওভারে ২১ রান হজম করতে হয়েছিল করণ কেসিকে। ম্য়াচের পর যা অবশ্যই আক্ষেপ থাকবে নেপালের। কারণ ১৮০ পর্যন্ত বোর্ডে রান তুলে নিয়েছিল নেপাল। যার মূল কারিগর ছিলেন লোকেশ বাম, দীপেন্দ্র সিংহ ও ক্যাপ্টেন রোহিত পউদেল। তাঁদের মধ্যে লোকেশ একটু বেশিই আক্রমণাত্মক ছিলেন। তিনি ২০ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলেন ৪টি বাউন্ডারি ও দুটো ছক্কার সাহায্যে।
ম্য়াচে বল হাতে নেপালের সবচেয়ে সফল বোলার ছিলেন নন্দন যাদব। ইংল্যান্ড শিবিরের দুজন বিধ্বংসী ব্যাটারকেই প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছিলেন নন্দন। ক্যাপ্টেন হ্যারি ব্রুক ও উইকেট কিপার ব্যাটার জস বাটলারকে আউট করেছিলেন। সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেন, ”আমরা বেশ কিছু ছক্কা হাঁকাতে পেরেছিলাম। অনেকটা মহেন্দ্র সিংহ ধোনির মত। কিন্তু এই হার থেকেও আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছুই রয়েছে।”
এদিকে, নেপাল ম্যাচ হারলেও ইংল্যান্ডের মত দলকে যেভাবে চাপে ফেলে দিয়েছিল তারা, তা দেখে অবাক গোটা ক্রিকেট বিশ্ব! কিংবদন্তি প্রোটিয়া পেসার ডেল স্টেন নিজে থেকে কোচিং করানোর ইচ্ছে প্রকাশ করেছেন। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ”আমি নেপালের পারফরম্য়ান্স দেখে অবাক। নেপাল ক্রিকেট দলের জন্য বলতে চাই, যদি প্রয়োজন পরে, তাহলে আমি ওদের কোচিং করাতে রাজি আছি।”
Nepal
I offer my services to you if you ever need em!
Up, up and UP!— Dale Steyn (@DaleSteyn62) February 8, 2026
ইংল্যান্ডের বিরুদ্ধে নেপালের ম্য়াচের ফল একপেশে হবে, এমনটাই সবাই ভেবেছিল। কিন্তু এভাবে যে চমক দেখাবে নেপাল শিবির, তা কেউ ভাবতেই পারেননি। ওয়াংখেড়েতে একটা সময় নেপালের ৬ বলে ১০ রান প্রয়োজন ছিল জয়ের জন্য। কিন্তু শেষ ওভারে স্যাম কারানের নিয়ন্ত্রিত বোলিং ও অভিজ্ঞতার সামনেই শেষ পর্যন্ত হার মানতে হয় নেপালকে।
