মুম্বই: বর্তমানে রমরমিয়ে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব। আট দলেরই এক নজর রয়েছে বিশ্বকাপ খেতাব জয়ের দিকে। সমর্থকরাও টুর্নামেন্টের ‘বিজনেস এন্ড’-র ম্যাচগুলির দিকে তাকিয়ে রয়েছে। ইতিমধ্যেই কিন্তু বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রি শুরু হয়ে গেল। সমর্থকরা ৪ ও ৫ মার্চ, দুই সেমিফাইনাল এবং ৮ মার্চ ফাইনালের টিকিট সংগ্রহ করতে পারবেন। আজ ২৪ ফেব্রুয়ারি, রাত সাতটা থেকেই শুরু হয়ে গেল টিকিট বিক্রি।
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়েতে হবে। ভারতীয় দল সেমিফাইনালে পৌঁছলে সেই ম্যাচ ওয়াংখেড়েতেই হবে। তবে প্রথম সেমিফাইনালের ভেন্যু রয়েছে ধোঁয়াশা। ইডেন গার্ডেন্স বা কলম্বো, দুই স্থানের এক জায়গায় হবে সেমিফাইনাল ১। এই ম্যাচ কোন মাঠে হবে, তা নিয়ে রয়েছে প্রচুর শর্ত। পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচ হবে কলম্বোয় আর প্রেমদাসা স্টেডিয়ামে। তা আগেই জানা ছিল। তবে যেটা নিয়ে ধোঁয়াশা ছিল, যদি শ্রীলঙ্কা সেমিফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচ কোথায় হবে? শ্রীলঙ্কাও এবারের টি-২০ বিশ্বকাপের যৌথ আয়োজক। অবশেষে সুপার এইটের আগে এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।
সেমিফাইনালে পৌঁছলে শ্রীলঙ্কার ম্যাচ হতে পারে তাদের ঘরের মাঠেই। তবে সব কিছু নির্ভর করছে তারা সেমিফাইনালে উঠলে কাদের বিরুদ্ধে খেলবে, অর্থাৎ অন্য আর কোন দেশ শেষ চারে উঠবে তার ওপর। ঘটনা হচ্ছে, পাকিস্তান যদি সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে না পারে আর অপর সেমিফাইনালে শ্রীলঙ্কা যদি ওঠে ও ভারত ছাড়া অন্য কোনও দলের বিরুদ্ধে খেলে, তাহলে সেই ম্য়াচটি হবে কলম্বোয়।
অর্থাৎ পাকিস্তান সেমিফাইনালে উঠলে, শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠে ভারত বাদে অন্য দেশের বিরুদ্ধে ম্যাচ খেললে, প্রতিটি ক্ষেত্রেই ইডেন গার্ডেন্স থেকে সেমিফাইনাল ম্য়াচ সরিয়ে নেওয়া হবে। এর অন্যথা হলে ৪ মার্চ ইডেনে হবে প্রথম সেমিফাইনাল। ফাইনালের ভেন্যুও কিন্তু এখনও নিশ্চিত নয়। তবে সেক্ষেত্রে জটিলতা কম। পাকিস্তান বাদে যে কোনও দল বিশ্বকাপের ফাইনালে উঠলেই আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই ফাইনাল ম্যাচ আয়োজিত হবে।
সমর্থকরা বিশ্বকাপের সবথেকে বড় এই তিন ম্য়াচের টিকিট সংগ্রহ করতে পারবেন tickets.t20worldcup.com ওয়েবসাইট থেকে।
