March 17, 2026
76ab9e28884d8e219e97440f8384a36a1772394235672507_original.jpg
Spread the love


কলকাতা: রবিবার, ১ মার্চ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের ম্য়াচের মাধ্যমে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) সুপার এইট পর্বের সমাপ্তি ঘটল আর সেইসঙ্গেই এই ম্য়াচ শেষে নির্ধারিত হয়ে গেল বিশ্বকাপের চতুর্থ সেমিফাইনালিস্টও। ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা বহু আগেই শেষ চারের টিকিট পাকা করে ফেলেছিল। শনিবার, পাকিস্তান শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র পাঁচ রানের ব্যবধানে ম্যাচ জেতায় নেট রান রেটের দৌলতে নিউজ়িল্যান্ডও পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে। চতুর্থ সেমিফাইনালিস্ট দল কে হবে, তা জানতে সকলের নজর ছিল সপ্তাহান্তের ইডেন গার্ডেন্সের দিকে।

ক্রিকেটের নন্দন কাননে সুপার এইটের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ়। সমীকরণ স্পষ্ট ছিল। দুই যুযুধান প্রতিপক্ষের মধ্যে জয়ী দলই সেমিফাইনালের টিকিট পাকা করবে। সপ্তাহান্তের টানটান ম্যাচে সঞ্জু স্যামসনের অবিস্মরণীয় ৯৭ রানের ইনিংসে ভারত (Indian Cricket Team) পাঁচ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ়কে হারায়। আর সেই সঙ্গেই পৌঁছে যায় বিশ্বকাপের সেমিফাইনালে। বিশের বিশ্বকাপের খেতাব জয়ের থেকে চার দলই কেবল দুই জয় দূরে দাঁড়িয়ে। একদিকে যেখানে ভারত আর ইংল্যান্ড রেকর্ড তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্যে, সেখানে নিউজ়িল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা প্রথমবার বিশের বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে মরিয়া।

চার সেমিফাইনালিস্ট তো নির্ধারিত হয়ে গিয়েছে। এবার প্রশ্ন হল কোন দল, কার বিরুদ্ধে, কবে, কোথায় সেমিফাইনালের মেগাদ্বৈরথে মাঠে নামবে? পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সুপার এইটে গ্রুপ ১-র শীর্ষে শেষ করা দল গ্রুপ ২-র রানার্সের বিরুদ্ধে খেলবে এবং আরেক সেমিফাইনালে গ্রুপ ২-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ ১-র রানার্স আপের বিরুদ্ধে। এই সমীকরণ অনুযায়ী বিশ্বকাপের সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে ইংল্যান্ডের, আর নিউজ়িল্যান্ড খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

ভারতীয় দল সেমিফাইনালে উঠলে ওয়াংখেড়েতেই নিজেদের ম্য়াচ খেলবে, এটা পূর্ব নির্ধারিতই ছিল। সেইমতোই ভারত এবং ইংল্যান্ডের ম্যাচটি হবে আসন্ন বৃহস্পতিবার, ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে মাঠে। তবে অপর সেমিফাইনালের ভেন্যু নিয়ে সংশয় ছিল বটে। শ্রীলঙ্কা বা পাকিস্তান শেষ চারে উঠলে সেক্ষেত্রে কলম্বোয় আরেক সেমিফাইনাল হবে বলে আইসিসি জানিয়েছিল। তবে এই দুই দলের কেউই শেষ চারে পৌঁছয়নি। তাই দ্বিতীয় সেমিফাইনালও ভারতেই হবে। আর সেই ম্যাচ হবে অন্য কোনও স্টেডিয়াম নয়, ইডেন গার্ডেন্সেই।

৪ মার্চ, বুধবার ক্রিকেটের নন্দন কাননে দক্ষিণ আফ্রিকা এবং নিউজ়িল্যান্ডের সেমিফাইনাল ম্য়াচ খেলতে নামবে। দুই সেমিফাইনাল ম্য়াচই কিন্তু সন্ধে সাতটা থেকে শুরু হবে। ক্রিকেটপ্রেমীরা নিশ্চয়ই অধীর আগ্রহে এই দুই ম্য়াচের অপেক্ষায় রয়েছেন। এবার দেখার কোন দুই দল এই ম্য়াচগুলি জিতে ফাইনালের টিকিট পাকা করতে পারে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks