হিন্দোল দে, কলকাতা: ক্রিকেটের রোমাঞ্চ উপভোগ করতে গিয়ে গুরুতর হলেন এক দর্শক। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ইতালি বনাম ইংল্যান্ড (Italy vs England) ম্যাচ চলাকালীন মাঠ থেকে উড়ে আসা একটি বল সরাসরি লাগে এক মহিলা দর্শকের চোখে। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ম্যাচ দেখার মুহূর্তের আনন্দ যেন নিমেষে পরিণত হয় আতঙ্কে! বছর ৫৮-র ওই মহিলা বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।
বেহালার পাঠক পাড়ার বাসিন্দা ৫৮ বছর বয়সী মল্লিকা মণ্ডল সোমবার ম্যাচ দেখতে গিয়েছিলেন ক্রিকেটের নন্দনকাননে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে সময় ইংল্যান্ড ব্যাট করছিল এবং স্ট্রাইকে ছিলেন উইল জ্যাকস, সেই সময় এল ব্লকে বসেছিলেন মল্লিকা। ঠিক তখনই উইল জ্যাকসের ব্যাট থেকে আসা একটি বল সোজা গিয়ে লাগে তাঁর বাম চোখে।
প্রত্যক্ষদর্শীরা দেখেন, বলের আঘাত লাগার সঙ্গে সঙ্গেই ওই মহিলার চোখ ও নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। গলগল করে রক্ত বেরতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্যালারিতে। সঙ্গে সঙ্গে তাঁর পাশের আসনে বসে থাকা দর্শকেরা পুলিশকে খবর দেন। আর সেই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও মাঠের কর্তৃপক্ষ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে চক্ষুবিভাগে ভর্তি করা হয়েছে তাঁকে। নাক ও চোখ দুই জায়গাতেই বেশ চোট রয়েছে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকেরা পর্যবেক্ষণ চালাচ্ছেন বলে জানা গিয়েছে।
ক্রিকেট মাঠে ছক্কার উল্লাস যতটা তীব্র, ততটাই ভয়ংকর হতে পারে এক মুহূর্তের অসতর্কতা। এই ঘটনায় আবারও প্রশ্ন উঠছে দর্শকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। তবে খেলার মাঠে ক্রিকেটারদের মারা বল গ্যালারির কোন প্রান্তে গিয়ে পড়বে, তা কেউ বলে দিতে পারবেন না। আপাতত সকলের নজর মল্লিকা মণ্ডলের শারীরিক অবস্থার দিকে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, সেই প্রার্থনাই করছেন পরিবারের সদস্যরা।
প্রসঙ্গত, ইডেন গার্ডেন্সে আজ, সোমবার হওয়া ইতালি বনাম ইংল্যান্ড ম্যাচ প্রসঙ্গে বলতে গেলে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ২০২ রান তোলে হ্যারি ব্রুকের দল। ২২ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস উপহার দেন উইল জ্যাকস। এরপর ২০৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ইতালি থামে ১৭৮ রানে। শেষ অবধি ২৪ রানে ম্যাচ জিতে হাসিমুখে ইডেন ছাড়েন ইংল্যান্ডের ক্রিকেটাররা।
