Iran Israel US War: ইরানের নতুন সর্বোচ্চ শাসক হিসেবে ঘোষণা হয়েছে নিহত আয়াতোল্লা আলি খামেনেইয়ের পুত্র মোজতবার নাম। তাঁর নামে ক্ষেপণাস্ত্রের নামকরণ করে তা দিয়ে ইজরায়েলে বড়সড় হামলাও করেছে ইরান। মোজতবা খামেনেইয়ের হাত ধরেই ফের একবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ইরান। তবে বিগত ১০ দিনের বেশি সময় ধরে পশ্চিম এশিয়ায় যে অশান্তি চলছে, তার প্রভাবে ব্যক্তিগত পরিসরে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে মোজতবার। বাবা ছাড়াও পরিবারের আরও অনেককেই হারিয়েছেন তিনি, এমনটাই খবর ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে।
গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল এবং আমেরিকার জোড়া হামলায় তেহরানে নিজের কম্পাউন্ডেই মৃত্যু হয় আয়াতোল্লা আলি খামেনেইয়ের। ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, মোজতবার স্ত্রী’রও মৃত্যু হয়েছে ওই হামলায়। দুই পুত্র সন্তান এবং এক কন্যা মোজতবা খামেনেইয়ের। সূত্রের খবর, যুদ্ধে দুই পুত্রের মধ্যে একজনকে হারিয়েছেন মোজতবা। অন্যদিকে, আয়াতোল্লা আলি খামেনেইয়ের স্ত্রী, কন্যা, জামাই এবং নাতনির মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ইরানের সংবাদমাধ্যম এও দাবি করেছে যে, এক ভাইপো কিংবা ভাগ্নেকেও যুদ্ধে হারিয়েছেন মোজতবা। অর্থাৎ খামেনেই পরিবারের ৮ জনের এই যুদ্ধের কারণে মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে।
তবে এইসব তথ্য নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। আয়াতোল্লা আলি খামেনেইয়ের মোট চার ছেলে এবং দুই মেয়ে। আয়াতোল্লা আলি খামেনেইয়ের যে নাতনি এবং মোজতবার যে ভাইপো/ভাগ্নের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে তারা এই ৬ জনের মধ্যে যে কারও পরিবারেরই সদস্য হতে পারে। সম্ভবত আয়তোল্লা আলি খামেনেইয়ের যে নাতনির মৃত্যুর কথা বলা হয়েছে, সে মোজতবার ভাইঝি বা ভাগ্নি। সম্পর্কে কাদের হারিয়েছেন এবং তার সংখ্যা নিয়ে বিতর্ক থাকলেও এক সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকা পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতিতে খামেনেই পরিবার যে ঘনিষ্ঠ অনেক সদস্যকেই হারিয়েছে তা নিশ্চিত।
প্রত্যাশ্যা মতোই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসাবে নির্বাচিত হলেন নিহত আয়াতোল্লা আলি খামেনেইয়ের মেজ ছেলে মোজতবা খামেনেই। আমেরিকা-ইজরায়েলের যৌথ অভিযানে নিহত হন প্রায় ৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আয়াতোল্লা আলি খামেনেই! তাঁর জায়গাতেই এবার বসানো হল ছেলে মোজতবাকে। এই প্রেক্ষাপটে আবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, তাঁর সম্মতি ছাড়া ইরানে কোনও সর্বোচ্চ নেতা টিকতে পারবে না। খামেনেইয়ের উত্তরসূরিকেও হত্যা করা হবে বলে আগেই হুমকি দিয়ে রেখেছে ইজরায়েল।
