February 22, 2026
97a7363902aef5d8dbdba547ff9dbc1a1771354864210170_original.jpg
Spread the love


পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি লিখলেন বিশ্বের ১৪ জন প্রাক্তন অধিনায়ক। তাঁকে মর্যাদা দেওয়ার পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে প্রাথমিক সুবিধাটুকু দেওয়া হোক বলে অনুরোধ জানালেন তাঁরা। 

সম্প্রতি চোখে সমস্যা দেখা দেয় ইমরান খানের। জেলে তাঁর স্বাস্থ্য পরিষেবায় অবহেলা করা হচ্ছে এবং যার জেরে এক চোখে প্রায় দৃষ্টিশক্তি হারাতে বসেছেন প্রাক্তন পাক অধিনায়ক, এমন অভিযোগ তোলে পরিবার। ইমরানের এই খবর সামনে আসার পর পাকিস্তানের পাশাপাশি বিশ্বের ক্রিকেট মহলেও উদ্বেগ ছড়িয়েছে। এই পরিস্থিতিতে কিছু নামী ক্রিকেটার চিঠি লিখেছেন বলে খবর। তাঁদের মধ্যে অধিকাংশই তাঁদের কেরিয়ারে ইমরানের সঙ্গে খেলেছেন। এই আবেদনপত্র লেখেন গ্রেগ চ্যাপেল। যাতে সই করেছেন- ইয়ান চ্যাপেল, সুনীল গাওস্কর, কপিল দেব, ক্লাইভ লয়েড, অ্যালান বর্ডার, মাইকেল আথারটন, নাসের হুসেন, মাইকেল বিয়ার্লি, ডেভিড গাওয়ার, স্টিভ ওয়া, জন রাইট, কিম হুজেস ও বেলিন্ডা ক্লার্ক। 

চিঠিতে লেখা হয়েছে, “তাঁর স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক প্রতিবেদন – বিশেষ করে হেফাজতে থাকাকালীন তাঁর দৃষ্টিশক্তির উদ্বেগজনক অবনতি – এবং গত আড়াই বছর ধরে তাঁর কারাবাসের অবস্থা আমাদের গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ক্রিকেটে ইমরান খানের অবদান সর্বজনীনভাবে প্রশংসিত। অধিনায়ক হিসেবে, তিনি পাকিস্তানকে ঐতিহাসিক ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছেন – দক্ষতা, স্থিতিস্থাপকতা, নেতৃত্ব এবং ক্রীড়ানুরাগী মনোভাবের উপর ভিত্তি করে তৈরি এই জয় যা সীমান্তের ওপারে প্রজন্মকে অনুপ্রাণিত করেছিল। আমাদের অনেকেই তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছি, তাঁর সঙ্গে মাঠে নেমেছি, অথবা তাঁর অলরাউন্ডার প্রতিভা, ক্যারিশ্মা এবং প্রতিযোগিতামূলক মনোভাবকে আদর্শ করে বড় হয়েছি। তিনি এখনও এই খেলার অন্যতম সেরা অলরাউন্ডার এবং অধিনায়কদের একজন। খেলোয়াড়, ভক্ত এবং প্রশাসক উভয়ের কাছ থেকে সম্মান অর্জন করেছেন।” ইমরানের স্বাস্থ্য নিয়ে পাক সরকারের ওপর চাপের মধ্যেই এই খোলা চিঠি। বহু মাস ধরে জেলে ইমরানের সঙ্গে তাঁর পরিবারকে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ব্যক্তিগত চিকিৎসককে তাঁকে দেখতে দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে। যদিও পাক প্রশাসন এখনও পর্যন্ত সেই অনুরোধ অগ্রাহ্য করেছে। এর আগে গত সপ্তাহেই ইমরানের যথাযথ চিকিৎসার জন্য আর্জি জানিয়েছিলেন ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস ও শোয়েব আখতার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks