মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে দুর্দান্ত শুরু করার পর সুপার এইটে এসে ধাক্কা খেতে হয়েছিল ভারতীয় দলকে। সুপার এইটে প্রথম ম্য়াচেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নাকানিচোবানি খেতে হয়েছিল। ম্যাচ হারের ফলে পরের দুটো ম্য়াচ ডু অর ডাই হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার জন্য়। জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পাকা করেছিল সূর্যকুমার যাদবের দল। অন্য়দিকে সুপার এইটে অন্য গ্রুপে তিন ম্য়াচে তিনটিই জিতে সেমিতে জায়গা করে নিয়েছিল হ্যারি ব্রুকের দল। ওয়াংখেড়ে ভারতের ঘরের মাঠ হলেও চলতি টুর্নামেন্টে পারফরম্য়ান্সের নিরিখে কিন্তু ইংল্যান্ড কিছুটা এগিয়ে থাকবে এই ম্য়াচে। এক নজরে দেখে নেওয়া যাক মুখোমুখি মহারণে দু দলের মধ্য়ে কে বেশিবার বাজিমাত করেছে —-
এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ফর্ম্য়াটে মোট ২৯ বার ভারত ও ইংল্যান্ড মুখোমুখি হয়েছে। তার মধ্য়ে ১৭ বার ভারত জয় ছিনিয়ে নিয়েছে। ১২ বার জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে মোট পাঁচবার দুটো দল মুখােমুখি হয়েছে। তার মধ্যে ৩ বার জিতেছে ভারত ও দু বার জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড শিবির। অর্থাৎ ভারত কিন্তু পরিসংখ্যানের দিক থেকে ধরতে গেলে এগিয়েই রয়েছে ইংল্যান্ডের তুলনায়।
ভারতীয় দলে ওপেনিংয়ে সঞ্জু স্যামসনের আসায় ভারসাম্য বেড়েছে। কেরলের ব্যাটার শেষ দুটো ম্যাচেই রান করেছেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তো ইডেনে ম্য়াচ জেতানো অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলে দলকে রেকর্ড রান তাড়া করিয়ে জিতিয়েছেন। অভিষেকের ফর্ম যদিও চিন্তার বিষয়, তবে গম্ভীর এই ম্য়াচে একাদশ বদলের পথে হাঁটবেন না, তা বলাই যায়। এছাড়া মিডল অর্ডারে সূর্যকুমার, তিলক, ঈশানরা রয়েছেন। চলতি টুর্নামেন্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক ক্যাপ্টেন নিজেই। বাকি দুজনও নিজেদের অবদান রাখছেন।
ভারতের স্পিন বোলিং কিছুটা চিন্তার কারণ হতে পারে। বিশ্বের ১ নম্বর বোলার বরুণ চক্রবর্তী সুপার এইটে প্রচুর রান খরচ করেছেন। শুধুমাত্র বুমরা ও অর্শদীপ ছাড়া সেভাবে খেলার রং বদলে দেওয়ার মত বোলার নেই। হার্দিকের বল হাতে ধারাবাহিকতার অভাব রয়েছে।
অন্য়দিকে ইংল্যান্ড শিবিরে ব্যাটিং মূলত নির্ভর করছে হ্যারি ব্রুকের ওপর। তিনি ধারাবাহিক রান করে যাচ্ছেন টুর্নামেন্টে। তবে উইল জ্যাকসের অলরাউন্ড পারফরম্য়ান্সের প্রশংসা করতেই হয়। মুম্বইয়ের হয়ে আইপিএলে খেলার সুবাদে ওয়াংখেড়ের পিচ সম্পর্কে ভালভাবে অবগত জ্যাকস। আগের ম্য়াচে রেহান আহমেদও ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিয়েছেন।
