দুবাই: একটা সময় ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে তিনি খেলবেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল । ব্যাট হাতে সব প্রশ্নকে মাঠের বাইরে পাঠিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। দুরন্ত ছন্দে রয়েছেন কিংগ কোহলি। ধারাবাহিকভাবে রান করছেন। দলকে ম্যাচ জেতাচ্ছেন । আইসিসি ব়্যাঙ্কিংয়েও যার প্রতিফলন। রোহিত শর্মাকে টপকে ৫৭ মাস পর ওয়ান ডে ক্রিকেটে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে ফিরেছেন কোহলি।
তবে কোহলির ব়্যাঙ্কিং নিয়ে বড় গোলমাল করে বসল খোদ বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। যে সংস্থার কর্ণধরা এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের শেষ কথা বলে পরিচিত জয় শাহ । কোহলিকে নিয়ে ‘বিরাট’ ভুল করে বসল আইসিসি। যা দেখে ক্ষুব্ধ ভক্তরা। প্রতিবাদে গর্জে উঠলেন ক্রিকেটপ্রেমীরা। তড়িঘড়ি পোস্ট মুছল আইসিসি ।
ওয়ান ডে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে ওঠার পর আইসিসি-র তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় যে, এক নম্বর ব্যাটার হিসাবে ৮২৫ দিন কাটিয়েছেন বিরাট। সব মিলিয়ে যা দশম সর্বোচ্চ। তবে ক্রিকেটের নিয়ামক সংস্থার দেওয়া এই পরিসংখ্যানটি ভুল বলে চিহ্নিত করেন ক্রিকেটপ্রেমীরা। আইসিসি’র দৃষ্টি আকর্ষণও করেন। আইসিসি’র পুরনো কিছু পোস্ট ধরে ভুল বোঝানোর চেষ্টা শুরু করেন ভক্তরা। সেখানে স্পষ্ট দেখা গিয়েছে, কেরিয়ারে ১,৫৪৭ দিন ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে কাটিয়েছেন কোহলি। আইসিসি’র মতো নিয়ামক সংস্থা কীভাবে এমন ভুল করে, প্রতিবাদে ফেটে পড়েন কোহলির ভক্ত-অনুরাগীরা। এরপর আইসিসি পোস্টটি ডিলিট করে দেয়। সংশোধন করে নতুবন করে পোস্ট করে।
ঘটনা হচ্ছে, সবচেয়ে বেশি দিন ওয়ান ডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকার রেকর্ড ছিল ভিভ রিচার্ডসের। ২৩০৬ দিন তিনি শীর্ষে ছিলেন। এরপরে সেই তালিকায় রয়েছেন ব্রায়ান লারা। মোট ২,০৭৯ দিন তিনি শীর্ষে ছিলেন। কেরিয়ারে মোট ১১ বার আইসিসি পুরুষদের ওয়ান ডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন কোহলি। রিচার্ডস এবং লারার পরই তাঁর জায়গা।
অস্ট্রেলিয়ায় ব্যাট হাতে ছন্দে ফিরেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছিলেন স্বপ্নেরপ ফর্মে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচের পর কোহলির রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৭৮৫। শেষ পাঁচ ওয়ান ডে ম্যাচে ৪৬৯ রান করেছেন কোহলি। যার মধ্যে দু’টি সেঞ্চুরি এবং তিনটি হাফসেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচে বিরাট করেছিলেন মোট ৩০২ রান।
