March 30, 2026
7751cad7505829abf9f0dbf43e3b7066177489020151850_original.jpg
Spread the love


গুয়াহাটি: ভারতের তো বটেই, গোটা বিশ্ব ক্রিকেটের বিস্ময় কিশোর বলা হচ্ছে তাকে। মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে (IPL 2026) সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিল। সেই বৈভব সূর্যবংশী আইপিএল শুরু করল বিধ্বংসী মেজাজে। মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি করে ভেঙে দিল ক্রিস গেল, সুরেশ রায়না, অ্যাডাম গিলক্রিস্ট, ট্র্যাভিস হেডদের রেকর্ড। বৈভবের ব্যাটিং তাণ্ডবে লজ্জার হার চেন্নাই সুপার কিংসের। ধোনি-হীন দল ৮ উইকেটে হেরে গেল রাজস্থান রয়্যালসের কাছে।

গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মাত্র ১২৭ রানে গুটিয়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংসের ইনিংস। রান তাড়া করতে নেমে শুরুতেই জীবন পায় বৈভব। ম্যাট হেনরির বলে তার ক্যাচ পড়ে। বৈভব তখনও খাতা খুলতে পারেনি। তারপরই বিধ্বংসী মেজাজে ব্যাটিং শুরু করে বৈভব। ১৫ বলে হাফসেঞ্চুরি করে নিজের রেকর্ডও ভাঙল। গত আইপিএলে ১৭ বলে হাফসেঞ্চুরি করেছিল। এবার সেই নজির ছাপিয়ে গেল। আইপিএলের দ্রুততম হাফসেঞ্চুরি যদিও যশস্বী জয়সওয়ালের। ১৩ বলে ৫০ করেছিলেন যশস্বী।

মাত্র তিনদিন আগেই ১৫তম জন্মদিন ছিল বৈভবের। জন্মদিনের তিনদিন পরই পরিণত ইনিংস খেলল। যশস্বীর সঙ্গে মিলে ৩৮ বলে ৭৫ রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বৈভব। ১২.১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ রাজস্থানের। বিরাট জয়ে রান রেটও ভাল জায়গায় রাখল রাজস্থান।

চেন্নাই সুপার কিংসের জার্সিতে এদিন অভিষেক হল সঞ্জু স্যামসনের। যিনি রাজস্থান ছেড়ে এসেছেন। তবে এই ম্যাচ দ্রুত ভুলতে চাইবেন তিনি। ২০২০ সাল থেকে এই প্রথম আইপিএলের প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি না করে আউট হলেন সঞ্জু। ব্যাট হাতে ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের নায়কের কাছে অনেক প্রত্যাশা ছিল সিএসকে সমর্থকদের। যদিও হতাশ করলেন স্যামসন। নান্দ্রে বার্গারের বলে ছিটকে যায় স্যামসনের স্টাম্প। ৭ বলে মাত্র ৬ রান করে বোল্ড হন স্যামসন।

স্যামসনের ব্যর্থতার দিন বিপর্যয় নেমে এল চেন্নাই সুপার কিংস ব্যাটিংয়ে। তৃতীয় ওভারে সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের স্টাম্প ছিটকে দেন ইংরেজ পেসার জোফ্রা আর্চার। পরের ওভারের প্রথম বলেই বার্গার ফেরান ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের তারকা আয়ূষ মাত্রেকে। । ৩.১ ওভারে ১৯/৩ হয়ে যায় সিএসকে।

কিছুক্ষণের মধ্যেই সেই স্কোর দাঁড়ায় ৯৪/৯ । সেই সময় মনে হয়েছিল, একশো পেরবে তো সিএসকে? শেষ পর্যন্ত জেমি ওভার্টন ৩৬ বলে ৪৩ রান করায় একশোর গণ্ডি পেরোয় সিএসকে। তার পরেও পুরো ওভার ব্যাট করতে পারেনি সিএসকে। ২ বল বাকি থাকতেই শেষ হয়ে যায় সিএসকে-র ইনিংস। ১৯.৪ ওভারে মাত্র ১২৭ রানে। তবে সেই লক্ষ্য হাসতে হাসতে তাড়া করে দিল রাজস্থান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks