লখনউ: মুল্লানপুরে হতাশাজনক হারের পর ধর্মশালায় দুরন্ত জয় দিয়ে পুনরায় সিরিজ়ে এগিয়ে গিয়েছে ভারতীয় দল। আজ লখনউ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) চতুর্থ টি-টোয়েন্টি ম্য়াচ। সেই ম্যাচে কী যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) খেলবেন? জবাব দিলেন ভারতের অলরাউন্ডার শিবম দুবে (Shivam Dube)।
গত ম্যাচে যশপ্রীত বুমরা খেলেননি। তাঁর বদলে হর্ষিত রানা সুযোগ পান। বুমরা ব্যক্তিগত কারণে নিজের বাড়িতে ফিরে গিয়েছিলেন বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছিল। তিনি পরবর্তী ম্যাচের জন্য উপলব্ধ কি না, তা যথাসময়ে জানানো হবে বলা হয়েছিল। বিসিসিআইয়ের তরফে এখনও কোনও বিবৃতি না এলেও, দুবে বুমরা সম্পর্কে আপডেট দিলেন।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বুমরা প্রসঙ্গে দুবেকে বলতে শোনা যায়, ‘আমি যতদূর জানি, যতদূর শুনতে পেরেছি, তাতে ও এই ম্য়াচের আগে ফিরে আসছে। আমি জানি যে বুমরা এই ম্যাচের জন্য উপলব্ধ রয়েছেন। তবে সত্যি বলতে আমি ১০০ শতাংশ নিশ্চিত হয়ে কিছু বলতে পারব না।’
দুবেকে দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সহ-অধিনায়ক শুভমন গিলের ব্যাটিং ফর্ম নিয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের জবাবে দুবে বলেন, ‘আমি ভুল না হলে শুভমন গিলের ফর্ম কিছুটা উপর, নীচে হলেও ওর গড় এবং স্ট্রাইক রেট, দুইটিই কিন্তু ভাল। ও বহু বছর ধরে ভারতীয় দলে্র হয়ে পারফর্ম করে চলেছে। ওকে ভারতের সেরা ব্যাটারদের একজন বলে আমার মনে হয়।’
অধিনায়ক সূর্যর বিষয়েও দুবেকে ইতিবাচকই শোনায়, ‘ও একা হাতে পাঁচ ম্যাচের মধ্যে পাঁচটিই জেতাতে পারে। তাই ও ফর্মে না থাকলেই তো আর ও খারাপ খেলোয়াড় হয়ে যায় না। ও যা করতে পারে, সেটা আর কেউ পারে না। হ্যাঁ, ও রান পাচ্ছে না, তবে সঠিক সময়েই ফিরবে। ও একজন যোদ্ধা। রান আসুক বা না আসুক ও তো ওই থাকবে। ও কিন্তু এমন ভয়ঙ্কর ক্রিকেটার যার যে কোনও সময়ে ফাটার দক্ষতা রয়েছে।’
চলতি বছরে শুধু ব্যাট নয়, বল হাতেও ধারাবাহিকভাবে উইকেট নিয়ে ভারতের ভরসার জায়গা হয়ে উঠেছেন দুবে। টিম ইন্ডিয়ার সমর্থকরা আশা করবেন অলরাউন্ডার যেন এভাবেই নিজের ফর্ম ও ধারাবাহিকতা অব্যাহত রাখনে।
