February 27, 2026
3e7df27bc7b866e6cd177a13faf9633017654395935541160_original.jpg
Spread the love


এতদিন চিন্তা ছিল এআই নাকি চাকরি খেয়ে নেবে সাধারণ মানুষের। অনেক ক্ষেত্রে অটোমেশনের কারণে চাকরি চলে গিয়েছে অনেকের। বা অনেকে এখনও শঙ্কায় রয়েছেন যে কোনও মুহূর্তে চলে যেতে পারে তাঁদের চাকরি। ফলে গত কয়েকটা বছর ধরেই চাকরির বাজারে একটা আশঙ্কা ও উদ্বেগ রয়েছে। আর এবার কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অন্য আরও একটি সমস্যার কথা তুলে ধরলেন বিজ্ঞানীরা।

আমেরিকার এনভায়রনমেন্টাল অ্যান্ড এনার্জি স্টাডি ইনস্টিটিউট একটি গবেষণা করেছে। সেই গবেষণা থেকে জানা গিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সেন্টারগুলো প্রচুর পরিমাণে স্বাদু জল ব্যবহার করে। অর্থাৎ, একেবারে পরিশুদ্ধ জল ব্যবহার করে এই ডেটা সেন্টারগুলো। বড় বড় ডেটা সেন্টারগুলো প্রতি দিন প্রায় ১ কোটি ৯০ লক্ষ লিটার (৫ মিলিয়ন গ্যালন) জল তাদের কাজে লাগে। মোটামুটি ১ লক্ষ ২০ হাজার মানুষ কোনও শহরে বসাবস করলে ওই শহর দিনে যে পরিমাণ জল ব্যবহার করে, একটি ডেটা সেন্টার সেই একই পরিমাণ জল ব্যবহার করে।

একই ভাবে একটি মাঝারি সাইজের ডেটা সেন্টার বছরে প্রায় ৪১ কোটি ৬৪ লক্ষ লিটার (১১০ মিলিয়ন গ্যালন) জল ব্যবহার করে। যে পরিমাণ জল অন্তত ৭ হাজার ৬০০ মানুষ ১ বছর ধরে ব্যবহার করতে পারে (একজনের দৈনিক ১৫০ লিটার জল প্রয়োজন হলে)।

কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রিক এই ডেটা সেন্টারগুলো শুধু যে জলের ব্যবহারকরে এমন নয়। এ ছাড়াও প্রচুর পরিমাণে বিদ্যুৎও ব্যবহার করে তারা। এ ছাড়াও প্রচুর কার্বনও নির্গত করে।

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষকরা হিসাব করে দেখিয়েছেন ১০০ শব্দের কোনও প্রম্পট কোনও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে দেওয়া হলে তার ৫০০ মিলিলিটারের কিছু বেশি জলের প্রয়োজন হয়। সামনে থেকে বিষয়টা খুব কম মনে হলেও আসলে এই সংখ্যাটা গোটা বিশ্বের নিরিখে অনেক বড়।

UK-র সরকারি ওয়েবসাইট বলছে, আন্তর্জাতিক এনার্জি এজেন্সি এই ডেটা সেন্টর সেক্টর নিয়ে একটা হিসাব প্রকাশ করেছে। সেখানে বলা হচ্ছে ২০২৩ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সেন্টারগুলোর বছরে ১ হাজার ২০০ বিলিয়ন লিটার বা ১ লক্ষ ২০ হাজার কোটি লিটার জলের প্রয়োজন হবে।

পৃথিবীতে বিশুদ্ধ জলের পরিমাণ সীমিত। তার উপর এই ধরনের ডেটা সেন্টারগুলো লিটার লিটার জল ব্যবহার করছে। আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে বিশুদ্ধ জলই কেন ব্যবহার করতে হবে। আসলে অন্য কোনও জল যদি ব্যবহার করা হয় তাহলে এই ডেটা সেন্টারে ব্যবহৃত যন্ত্রগুলোর দ্রুত ক্ষতি হয়। আর সেই কারণেই সংস্থাগুলো পরিশুদ্ধ জল ব্যবহার করে। এমনিই এআই সাধারণ মানুষের মনে চাকরি নিয়ে একটা চিন্তা তৈরি করেছে। আর এবার এআই আমাদের প্রাকৃতিক সম্পদের দিকেও হাত বাড়িয়েছে। এই মুহূর্তে তৃষ্ণা মেটাতে তার প্রধান লক্ষ্য আমাদের ‘জীবন’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks