আমদাবাদ: টি-২০ বিশ্বকাপে ইতিহাসের হাতছানি ভারতের সামনে। মুকুটরক্ষার লড়াইয়ে নেমে ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। এর আগে বিশ্বের কোনও দল টি-২০ বিশ্বকাপে পরপর দুবার চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার ভারতের সামনে ইতিহাস লেখার সুযোগ।
ম্যাচের আগেই কৌতূহল তৈরি হয়েছিল ভারতের একাদশ নিয়ে। অভিষেক শর্মার ধারাবাহিকতার অভাব। বিশ্বের এক নম্বর টি-২০ বোলার বরুণ চক্রবর্তী উইকেট তুললেও খরচ করছেন প্রচুর রান। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ ওভারে ৬৪ রান খরচ করেছিলেন। ফাইনালে তাঁদের খেলানো হবে কি না, তা নিয়ে জোর জল্পনা ছিল। দরজায় কড়া নাড়ছিলেন রিঙ্কু সিংহ ও কুলদীপ যাদব।
তবে শেষ পর্যন্ত সেমিফাইনালের দল অপরিবর্তিত রেখে নামল ভারত। টসের পর সূর্যকুমার জানিয়ে দিলেন, আগের ম্যাচের দলই খেলাচ্ছে ভারত। অর্থাৎ, অভিষেক ও বরুণের ওপর ফাইনালেও আস্থা রাখল টিম ম্যানেজমেন্ট।
সূর্যকুমার টসের পর বলেন, ‘প্রথমে ব্যাটিং করছি বলে আমরা খুশি। আণরা শুরুতে ব্যাটিং করে ভাল করছি। সেমিফাইনাল কিংবা ফাইনালে বোর্ডে শুরুতে বড় রান তোলাটা খুব গুরুত্বপূর্ণ। ২০২৩ সালে এখানে কী হয়েছিল, সেটা ইতিহাস। নতুন বিশ্বকাপ, নতুন প্রত্যাশা। দুর্দান্ত আবহ। সবে টস হচ্ছে এখনই মাঠ ভর্তি। আশা করছি দারুণ একটা ম্যাচ উপহার দেব।’
ভারতের একাদশ
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিংহ ও বরুণ চক্রবর্তী
নিউজ়িল্যান্ডের একাদশ
টিম সিফার্ট (উইকেটকিপার), ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপ্স, মার্ক চাপম্যান, ডারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার (উইকেটকিপার), ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও জেকব ডাফি
ভারতীয় দল অপরিবর্তিত থাকলেও, সেমিফাইনালের দলে একটি পরিবর্তন করেছে নিউজ়িল্যান্ড। স্পিনার ম্যাককোঞ্চির পরিবর্তে খেলানো হচ্ছে জেকব ডাফিকে। স্যান্টনার বলেছেন, ‘আমরা প্রথমে বোলিং করছি। উইকেট দারুণ লাগছে। আমরা চাই ওদের কম রানের মধ্যে বেঁধে রাখতে যাতে সেই রান তাড়া করে জেতা যায়। ছেলেরা দারুণ। সেই কারণেই ফাইনালে খেলছি। সেমিফাইনাল থেকে আত্মবিশ্বাস নিয়ে নেমেছি।’
Presenting #TeamIndia‘s Playing XI for the #Final 🙌
Updates ▶️ https://t.co/5LXBod8bl1#T20WorldCup | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/FkOPQTAn5p
— BCCI (@BCCI) March 8, 2026
