বাজার যখন টালমাটাল হয়, তখন অনেক পোক্ত বিনিয়োগকারীও কিন্তু অস্থির হয়ে পড়েন। অনেকেই ভাবতে থাকেন কী এমন করলে পোর্টফোলিওর মূল্যমান কমবে না। আর এই বিষয়ে তাড়াহুড়ো করতে গিয়ে অনেকের মনেই বিনিয়োগ সঠিক হচ্ছে কি না, তা নিয়েও একটা প্রশ্ন চলে আসে। অনেকেই ভাবছেন এমন অস্থির সময়ে এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যদি তাঁরা থামিয়ে দেন, তাহলে তো ক্ষতির হাত থেকে মুক্তি পাবেন তাঁরা। কিন্তু সত্যিই কি তাই হবে? আচ্ছা বিষয়টা দেখে নেওয়া যাক ভাল করে।
SIP কীভাবে কাজ করে?
এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট ফান্ড হল একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে নির্ধারিত মিউচুয়াল ফান্ডে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাওয়া। আসলে ধারাবাহিক ভাবে বিনিয়োগের অপর নামই হল এসআইপি। আরও একটা জিনিসের উপর এই এসআইপির রিটার্ন নির্ভর করে। সেটা হল রুপি কস্ট অ্যাভারেজিং। অর্থাৎ, বাজার পড়লে ওই একই অর্থ দিয়ে অনেক বেশি ইউনিট কিনে ফেলা যায়। ফলে, কোনও মিউচুয়াল ফান্ডে ইউনিটের সংখ্যা অনেকটা বেড়ে যায়। প্রতি ইউনিটের গড় দাম কমে যায় অনেকটা। আর এটাই হল রুপি কস্ট অ্যাভারেজিং।
বাজারে ওঠা-নামা অস্বাভাবিক নয়
শেয়ার বাজার সব সময় বদলাতে থাকে। একাধিক ট্রেন্ড দেখা যায় এই শেয়ার বাজারে। বাজার ফুলে, ফেঁপে উঠলে সেখানে আবার কারেকশনও আসে। ফলে প্রতিবার পতনের স্বাক্ষীও থাকি আমরা।
যদি এসআইপি বন্ধ করা হয় তাতে কী হবে?
যখন বাজার অস্থির সেই সময় এসআইপি বন্ধ করে দিয়ে অনেকেই ভাবতে পারেন এটাতে আসলে ভাল হল। কিন্তু এতে সবচেয়ে বড় ক্ষতি হয় কম্পাউন্ডিংয়ে। কারণ, বাজার পতনের পর উত্থানের মুখোমুখি হয়। ফলে, যখন বাজার অনেকটা ওঠে তখন এই কম দামে অনেকটা করে কিনে রাখা ইউনিটের দামও অনেকটা বেড়ে যায়। ফলে, সমগ্র রিটার্নে এর একটা দারুণ প্রভাব পড়ে। অর্থাৎ, রিটার্ন অনেকটা বেশিই আসে।
কিন্তু কেউ যদি ভাবে যখন কমছে তখন আলাদা আলাদা করে না বিনিয়োগ করে, একদম যখন তলানিতে ঠেকবে তখন একেবারে পুরো টাকাটা বিনিয়োগ করে দেবেন, এই বিষয়টা শুনতে ভাল লাগলেও আসলে এটা কাজ করে না। কারণ, বাজার কখন সবচেয়ে উঁচুতে উঠবে, আর কখন তলানিতে ঠেকবে এটা আগে থেকে কোনও ভাবেই নির্ধারণ করা যায় না।
কখন থামানো যেতে পারে বিনিয়োগ?
এমন কিছু পরিস্থিতি রয়েছে, যখন বিনিয়োগে একটা বিরতি দেওয়া যুক্তিসঙ্গত। যখন বিনিয়োগের থেকেও আপনার হাতে টাকার প্রয়োজন তখন আপনার বিনিয়োগ আপনি থামাতেই পারেন। যেমন যদি কারও বাড়িতে কোনও আপতকালীন পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে কখনওই বিনিয়োগকে প্রায়োরিটি দেওয়া উচিট নয়। বা কোনও কারও যদি হঠাৎ উপার্জন বন্ধ হয়ে যায় তাহলে তিনি এসআইপি থেকে ব্রেক নিতে পারেন। তবে, এই ধরনের আপতকালীন পরিস্থিতির বাইরে এসআইপি থেকে বিনিয়োগ বন্ধ করা একেবারেই সঠিক কাজ নয়।
