রাজকোট: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে (IND vs NZ 2nd ODI) রাজকোটে তিনি যখন ব্যাট করতে নেমেছিলেন তখন অল্প সময়ের ব্যবধানে শুভমন গিল এবং শ্রেয়স আইয়ার সাজঘরে ফিরেছেন। তার মাঠে নামার পরপরই ইনফর্ম বিরাট কোহলিও সাজঘরে ফেরেন। এমন চ্যালেঞ্জিং সময়ে কেএল রাহুল (KL Rahul) মাথা ঠান্ডা রেখে ইনিংস এগিয়ে নিয়ে যান। তাঁকে যে কেন অনেকে ‘ক্রাইসিস ম্যান’ বলেন, তা আবারও প্রমাণ করলেন রাহুল।
প্রয়োজনের সময় ভারতের হয়ে ফের একবার অনবদ্য এক ইনিংস খেললেন রাহুল। মাত্র ৮৭ বলে কেরিয়ারে নিজের অষ্টম ওয়ান ডে শতরান হাঁকালেন কেএল রাহুল। ইনিংসের শেষ অবধি তিনি টিকে থাকলেন। অপরাজিত থেকেই মাঠ ছাড়লেন রাহুল। ইনিংস শেষে তাঁর নামের পাশে লেখা ৯২ বলে ১১২ রান। মূলত তাঁর ইনিংসে ভর করেই সাত উইকেটের বিনিময়ে ভারত লড়াইয়ের রসদ পেল। ৫০ ওভারে তুলল ২৮৪ রান।
