ঢাকা: বোর্ডের অন্যতম ডিরেক্টর এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিস জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু তবু ক্ষোভের আগুন কমছে না। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচই শুরু হল না! তোলপাড় পড়ে গিয়েছে বাংলাদেশে।
বৃহস্পতিবার বিপিএলে প্রথম ম্যাচটি ছিল চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালি এক্সপ্রেসের। কিন্তু টসের জন্য দুই দল মাঠেই আসেনি। যে কারণে শুরু করা যায়নি ম্যাচ। স্থানীয় সময় বেলা ১২.৩০-এ টস হওয়ার কথা ছিল। স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। ভারতীয় সময়ে যা বেলা ১২.৩০। কিন্তু সেই ম্যাচ শুরু হয়নি এই প্রতিবেদন লেখা পর্যন্ত।
চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালি এক্সপ্রেসের ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্বে রয়েছেন শিপার আমেদ (Shipar Ahmed)। তিনি বলেছেন, ‘আমরা মাঠের মাঝখানেই রয়েছি। জানি না কী হচ্ছে। বিপিএলের টেকনিক্যাল কমিটি ভাল বলতে পারবে।’
এর আগে বৃহস্পতিবার ঢাকা ক্রিকেট লিগেও (Dhaka Cricket League) ম্যাচ শুরু হয়নি। বাংলাদেশ ক্রিকেটারদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকা বয়কটে অংশ নিয়েছেন সে দেশের সমস্ত ক্রিকেটার। শোরগোল পড়ে গিয়েছে পদ্মাপাড়ে।
ঠিক কী হয়েছে?
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিনান্স কমিটির প্রধান এম নাজমুল ইসলামের বিরুদ্ধে জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল। তামিমকে ভারতের ‘চর’ বলে আক্রমণ করেছিলেন নাজমুল ইসলাম। ক্রিকেট বোর্ডের পদে থেকে কী করে এমন শব্দপ্রয়োগ করতে পারেন, সেই প্রশ্ন তুলেছিল বাংলাদেশ ক্রিকেটারদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও দাবি উঠেছিল। বিতর্কের মুখে নাজমুল জানিয়েছিলেন, এটা তাঁর ব্যক্তিগত মত। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাঁকে কারণ দর্শানোর নোটিস দেয় ।
Today’s first BPL match hit by boycott.
The first Bangladesh Premier League (BPL) match on Thursday, between Chattogram Royals and Noakhali Express, was delayed as the teams did not turn up at the Sher-e-Bangla National Cricket Stadium in Mirpur for the game.
Game scheduled… pic.twitter.com/ltfk2OK8i9
— Nibraz Ramzan (@nibraz88cricket) January 15, 2026
যদিও নাজমুল এখনও জবাব দেননি। এদিকে, ক্রিকেটারেরাও সব ধরনের খেলা বয়কট করার ডাক দিয়েছেন। তাস্কিন আমেদ থেকে শুরু করে মুস্তাফিজুর রহমান, মিঠুন, আগেই সকলে বিবৃতি দিয়ে কড়া নিন্দা করেছিলেন গোটা ঘটনার।
