March 17, 2026
047aa2c80477b1a08951984684efd39c1773250268323206_original.jpg
Spread the love


চেন্নাই: কিছুদিন আগেই চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings সিইও কাশী বিশ্বনাথন জানিয়ে দিয়েছিলেন যে মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)  এই আইপিএল (IPL 2026) মরশুমে সিএসকের সবগুলো ম্যাচেই খেলবেন। কিন্তু ৪৪ পেরনো ধোনিকে ঠিক কীভাবে ব্যবহার করা হবে, তা ছেড়ে দিয়েছিলেন ম্যানেজমেন্টের ওপরই। এবার সিএসকে টিম ম্যানেজমেন্টকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন এবি ডি ভিলিয়ার্স। প্রোটিয়া কিংবদন্তি এমএসকে স্কোয়াড থেকে বার করে দেওয়ার মত মন্তব্যও করে বসলেন আইপিএল শুরুর আগে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। 

গত মরশুমে লোয়ার অর্ডারে ব্যাটিং করেছিলেন এমএসডি। কিন্তু খুব বেশি ছাপ ফেলতে পারেননি। যে ফিনিশার তকমার জন্য গোটা বিশ্ব তাঁকে চেনে, সেই ফিনিশারের ভূমিকাতেও আগেরবার ব্যর্থ হয়েছেন। বয়সের ছাপ পড়েছে রানিং বিটুইন দ্য উইকেটেও। এই পরিস্থিতিতে এই মরশুমেও এমএসকে কীভাবে ব্যবহার করবে সিএসকে, তার একটা রূপরেখা দিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক। সংবাদ সংস্থা PTI কে দেওয়া সাক্ষাৎকারে এবিডি জানান, “সিএসকে নিজে একটা ব্র‍্যান্ড এখন। আর এই ব্র‍্যান্ড তৈরিতে ধোনির ভূমিকা বিরাট। কিন্তু এখন সময় যা, তাতে ধোনির দায়িত্বও বদলেছে৷ এখন আর লোয়ার অর্ডারে ওর খেলার কোনও মানেই হয় না।”

এরপরই আরসিবির জার্সিতে বহু ম্যাচের নায়ক বলেন, “আট ও নয় নম্বর পজিশনে ব্যাট করতে নেমে আগেরবার কিছু করতে পারেনি ধোনি। তাই অন্তত ওকে পাঁচ, ছয় নম্বর পজিশনে খেলানো উচিৎ। রুতুরাজ ও স্যামসন আমার মতে ধোনির যোগ্য বিকল্প। এমএস এখন দলের ক্যাপ্টেনও নন, এবার যদি চার, পাঁচ অথবা ছয় নম্বর পজিশনে রানও না করতে পারে, তাহলে ওকে স্কোয়াডের বাইরেই রাখা উচিৎ। নইলে একটা জায়গা নষ্ট করা হবে।”

আগের মরশুমে দেখা দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কাজে লাগিয়েছিল। হিটম্যান ফিল্ডিং না করলেও ব্যাট হাতে ওপেন করেছিলেন। চারটি অর্ধশতরানও করেছিলেন হিটম্যান। এই মরশুমে ধোনিকেও কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কাজে লাগাতে পারে চেন্নাই। সেক্ষেত্রে উইকেটের পেছনে সঞ্জু স্যামসনকে দেখা যাবে। আর এই সম্ভাবনার কথা বলেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারাও। 

উল্লেখ্য, আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের উনিশতম মরশুম। প্রথম ম্যাচে আরসিবি খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks