কলকাতা: তিনি কবে আসবেন? তাঁকে কি আদৌ পাওয়া যাবে? পাওয়া গেলেও কোন ম্য়াচ থেকে পাওয়া যাবে, এমন হাজারো প্রশ্ন, কৌতূহল তাঁকে নিয়ে অব্যাহত ছিলই। চলতি আইপিএলে নাইট রাইডার্সের বোলিং ডিপার্টমেন্টের কঙ্কালসার পরিস্থিতি দেখার পর কবে মাথিশা পাথিরানা দলে যোগ দেবেন, সেই প্রশ্নেরই উত্তর খুঁজছিল স্বয়ং কেকেআর টিম ম্য়ানেজমেন্টও। নাইট সমর্থকদের জন্য এবার কিছুটা স্বস্তির খবর। সূত্রের খবর, দ্রুত কেকেআর শিবিরে যোগ দিতে চলেছেন শ্রীলঙ্কার তারকা পেসার। কিন্তু কবে?
এখনও পর্যন্ত কেকেআর দলের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে জানা গিয়েছে মাথিশা পুরোপুরি ফিট। এমনকী আগামী ৯ তারিখ কেকেআর বনাম লখনউ সুপারজায়ান্টস ম্য়াচের জন্য ম্যাচফিটও তিনি। সেই ম্য়াচেই হয়ত দেখা যাবে তাঁকে। যদি একান্তই না দেখা যায় সেই ম্য়াচে পাথিরানাকে। তাহলে ১৪ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্য়াচে নিশ্চিতভাবেই দেখা যাবে শ্রীলঙ্কার তারকা পেসারকে।
কিছুদিন আগেই সোশ্য়াল মিডিয়ায় একটি খবর ভাইরাল হয়েছিল। সেখানে বলা হচ্ছিল যে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে আয়োজিত ফিটনেস টেস্টে না কি পাশ করতে পারেননি পাথিরানা। তার জন্যই তাঁকে ছাড়াই পুরো মরশুমে কেকেআরকে খেলতে হবে। যদিও সেই খবরটি পুরো ভুয়ো বলেই উড়িয়ে দিয়েছিলেন কেকেআরের হেডকোচ অভিষেক নায়াক। এমনিতেই নিলাম থেকে ১৮ কোটি টাকা দিয়ে নেওয়া হয়েছিল পাথিরানাকে। তার ওপর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে পাথিরানা চিন্তা বাড়িয়েছিলেন নাইট ম্য়ানেজমেন্টের। এরপর আবার ক্য়ামেরন গ্রিনকে ২৫.২০ কোটি টাকা দিয়ে দলে নিলেও তাঁকে সেভাবে ব্যবহারই করতে পারছে না দল। গ্রিন প্রথম দুটো ম্য়াচে বল করেননি। এই পরিস্থিতিতে পাথিরানাকে ভীষণভাবে মিস করছিল দল। অভিষেক নায়ার বলেছিলেন, ”পাথিরানাকে নিয়ে আমাদের কাছে যাবতীয় আপডেট রয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ওর ফিটনেস টেস্ট নেবে। এরপরই সিদ্ধান্ত পাকা করা হবে। কলকাতায় না কি অন্য় কোথাও আমাদের দলের সঙ্গে যোগ দেবে, তা কিছুদিনের মধ্যেই জানা যাবে। আশা করছি ফিটনেস টেস্টে উত্তীর্ণ হবে পাথিরানা।”
আপাতত যা খবর, পাথিরানা সেই পরীক্ষায় হয়ত পাশ করে গিয়েছেন। এখন দেখার ঠিক কবে দলের সঙ্গে যোগ দেন লঙ্কা পেসার। ইতিমধ্যেই চলতি আইপিএলে নিজেদের প্রথম দুটো ম্য়াচেই হারতে হয়েছে অজিঙ্ক রাহানের দলকে। আগামী সোমবার ৬ এপ্রিল ইডেনে নাইটদের মুখোমুখি হবে পাঞ্জাব কিংস।
