March 24, 2026
c1ef11f6715ad2d7a36025dd7a23c30b177429242645450_original.jpg
Spread the love


মুম্বই: সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে জয়লাভ করেছে । এর সঙ্গে, সূর্য টি-২০ বিশ্বকাপ জেতানো তৃতীয় অধিনায়ক হয়েছেন । মহেন্দ্র সিংহ ধোনি ও রোহিত শর্মার পরে । এবার আইপিএলের আগে সূর্যকুমার যাদবকে হার্দিক পাণ্ড্যর জায়গায় মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করার দাবি আরও জোরাল হয়েছে । 

২০২৪ সালের আইপিএল-এর আগে হার্দিক গুজরাত টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে এসেছিলেন । ফেরার সঙ্গে সঙ্গেই হার্দিক দলের নেতৃত্বের দায়িত্বও সামলেছিলেন । তিনি রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়ক হয়েছিলেন । যদিও অধিনায়ক হিসেবে হার্দিককে একদমই পছন্দ করেননি ভক্তরা । রোহিত ফেরাও দাবি উঠেছিল ।

পাঁচবারের ট্রফি জয়ী মুম্বই দল তাদের শেষ খেতাবটি জিতেছিল ২০২০ সালে । এবার আসন্ন মরসুমের শুরুতে টিম ইন্ডিয়ার প্রাক্তন খেলোয়াড় এবং প্রাক্তন নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত মুম্বইয়ের নেতৃত্ব নিয়ে সাফ কথা বলেছেন । তাঁর মতে, সূর্যের ভাগ্য দলকে ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে । হার্দিকের পরিবর্তে সূর্যকে অধিনায়ক করার জন্য সওয়াল করেছেন প্রাক্তন জাতীয় নির্বাচক । 

কৃষ্ণমাচারি শ্রীকান্ত কী বললেন?

নিজের ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে কৃষ্ণমাচারি শ্রীকান্ত বলেন, “দলের মালিক এবং টিম ম্যানেজমেন্টকে রোহিত শর্মা, সূ্র্যকুমার যাদব এবং হার্দিক পাণ্ড্যর সঙ্গে আবার ফিরে আসা উচিত এবং নতুন করে সবকিছু সাজানো উচিত । তাঁদের এই বছর সূর্যকে অধিনায়কত্বের জন্য বলতে হবে এবং দেখতে হবে ভাগ্যে কিছু পরিবর্তন আছে কি না । তাঁরা সূর্যকুমারকে এখনই অধিনায়ক করতে পারে । তাঁদের এখনই ঘোষণা করার প্রয়োজন নেই ।”  

 

হার্দিকের নেতৃত্ব নিয়ে কী বললেন?

এরপর কথা বলতে গিয়ে কৃষ্ণমাচারি শ্রীকান্ত বলেন, “এটা হাস্যকর পরিস্থিতি । হার্দিক ভাল অধিনায়ক । তবে হ্যাঁ, তাঁর অধীনে খেলছেন এমন দুজন, যাঁরা বিশ্বকাপজয়ী অধিনায়ক । এটা তাঁদের দলের কিছু অভ্যন্তরীণ নীতি, যা তাঁদের ভালভাবে খতিয়ে দেখতে হবে । বাইরের দিক থেকে দেখলে সূর্যকুমার যাদবকেই পছন্দ করা হবে । তবে এটা ফ্র্যাঞ্চাইজির নীতি হতে পারে ।”





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks