March 12, 2026
b8948005398457d9ed4b7deaef48a2421773342094331338_original.jpg
Spread the love


নয়াদিল্লি: আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে যুদ্ধ চলছে দুই সপ্তাহ ধরে। অথচ একটি বারের জন্য জনসমক্ষে আসেননি তিনি। দেশের দায়িত্ব পাওয়ার পরও ভিডিও-বার্তা দেননি, বরং আড়ালে থেকে বার্তা পাঠিয়েছেন। ইরানের নতুন সর্বোচ্চ শাসক, মোজতবা খামেনেইয়ের হালহকিকত নিয়ে তাই কৌতূহল দেখা দিয়েছে সর্বত্র। আর সেই আবহেই নয়া দাবি সামনে এল। মোজতবা যুদ্ধে আহত, তাঁর পা বাদ গিয়েছে এবং তিনি কোমায় আচ্ছন্ন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। (Mojtaba Khamenei Coma News)

The Sun-এর একটি প্রতিবেদনে মোজতবার স্বাস্থ্য নিয়ে নয়া দাবি করা হয়েছে। বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েল যখন ইরানে হামলা চালায়, আয়াতোল্লা আলি খামেনেইকে হত্যা করে, সেই সময় আহত হন মোজতবাও। তিনি খামেনেইয়ের সঙ্গে ছিলেন, না কি অন্যত্র আহত হন, তা যদিও স্পষ্ট নয়। তবে হামলায় মোজতবা গুরুতর জখম হন বলে দাবি। (Mojtaba Khamenei Health Updates)

বিশেষ সূত্রকে উদ্ধৃত করে The Sun জানিয়েছে, একটি অথবা দু’টি পা-ই বাদ গিয়েছে মোজতবার। তাঁর যকৃৎ এবং পাকস্থলীও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে কোমায় আচ্ছন্ন মোজতবা। তেহরানের Sina University Hospital-এ ভর্তি রয়েছেন। যদিও ইরান থেকে যে খবর উঠে আসছে, তাতে ভিন্ন দাবি করা হয়েছে। বলা হয়েছে, মোজতবা আহত হলেও, পরিস্থিতি গুরুতর নয়। পায়ের পাতায় ফ্র্যাকচার হয়েছে তাঁর, ক্ষত রয়েছে চোখে এবং মুখে। যুদ্ধের একেবারে শুরুতে ক্ষেপণাস্ত্র হামলায় তিনি আহত হন বলে তেহরান-সূত্রে দাবি সামনে এসেছে।

মোজতবাকে নিয়ে কৌতূহল আরও বেড়েছে বৃহস্পতিবার। এদিন প্রথম বার ইরানের সর্বোচ্চ শাসক হিসেবে ইরানবাসীকে বার্তা দেন তিনি। পাশাপাশি, যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমেরিকা, ইজ়রায়েল এবং প্রতিবেশীদেরও বার্তা দেন। কিন্তু সশরীরে বক্তৃতা করার পরিবর্তে, লিখিত বিবৃতি পেশ করেন মোজতবা। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলে তাঁর একটি ছবি দেখানো হয় শুধু। পড়ে শোনানো হয় লিখিত বার্তা।

তবে ওই বার্তায় মোজতবা বাবার মৃত্যুর কথা স্বীকার করে নেন। বাবার মৃতদেহ দেখেছেন বলেও দাবি করেন। স্ত্রী, বোন, ভাগ্নী, জামাইবাবুর মৃত্যুতেও সিলমোহর দেন মোজতবা। তবে মোজতবা নিজে ওই বার্তা পেশ করেছেন, না তেহরানের তরফে ওই বার্তা পেশ করা হয়েছে, তা নিয়ে এই মুহূর্তে জোর জল্পনা। মোজতবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। অন্য দিকে, মোজতবার মা, প্রয়াত আয়াতোল্লা খামেনেইয়ের স্ত্রীর মৃত্যুর খবর খারিজ করেছে ইরানের Fars News. তারা জানিয়েছে, আয়াতোল্লার স্ত্রী মনসুরে খোজাস্তে বাঘেরজাদে জীবিত আছেন। তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়ানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks