April 5, 2026
96da71cc2e8588039cc07fef64f168b01775342757174507_original.jpg
Spread the love


নয়াদিল্লি: সদ্য সমাপ্ত ঘরোয়া মরশুমে তিন ফর্ম্যাটের তিন টুর্নামেন্ট মিলিয়ে মোট ৬৭টি উইকেট নিয়েছেন। তাও ভারতীয় দলের আশেপাশে তো দূর, যত সময় যাচ্ছে ততই মহম্মদ শামি (Mohammed Shami) টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামার সুযোগ পাওয়ার থেকে আরও দূরে সরে যাচ্ছেন। অন্তত বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়া তারই ইঙ্গিতবাহী। তবে তাঁর প্রাক্তন সতীর্থ চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) কিন্তু শামির কামব্যাকের বিষয়ে বেশ ইতিবাচক।

চলতি আইপিএলে (IPL 2026) লখনউ সুপার জায়ান্টসের প্রথম ম্যাচে শামি নিজের নতুন দলের হয়ে প্রথম বলেই উইকেট নেন। তিনি কেএল রাহুলকে সাজঘরে ফেরান। আইপিএল ইতিহাসে প্রথম বোলার শামিই ম্যাচে নিজের প্রথম বলেই পাঁচবার উইকেট নিয়ে ইতিহাস গড়েন। ম্যাচে তিনি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চার ওভার হাত ঘুরিয়ে ২৮ রানের বিনিময়ে এক উইকেট নেন। তাঁর এহেন পারফরম্যান্সের পরেই পূজারার দাবি শামির প্রত্যাবর্তন সফরের এটা সবে শুরু।

পূজারা আইপিএলের ব্রডকাস্টারদের এক কথোপকথনের সময় জানান, ‘এই আইপিএল মরশুমটা শামির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ও যে টুর্নামেন্টের শুরুটা করেছে, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ওর পারফরম্যান্স বুঝিয়ে দিচ্ছে ও প্রস্তুত। হ্যাঁ, ও ম্যাচে ২৮ রানে বিনিময়ে এক উইকেটই নিয়েছে, তবে পাওয়ার প্লেতে ওর দল যেমনভাবে শুরুটা করেছিল, তাতে শামি বড় ভূমিকা পালন করেছে। কেএল রাহুলকে ইনিংসের প্রথম বলেই ও আউট করে এবং এর জন্য ওর বাহবা প্রাপ্য।’

পূজারার মতে, ‘ও জানে যে রাহুল ইনসাইড আউট শটটা মারতে পছন্দ করে, তাই একটু বাইরের দিকে ও বলটা করেছিল। রাহুল ওই একই শট খেলে, তবে বলটা সোজা ডিপ পয়েন্ট ফিল্ডারের হাতে যায়। তারপরে ও ভাল লাইনে বল করে ব্যাটারদের রানের গতিও বাড়াতে দেয়নি। বিগত এক বছর ধরে শামি ঘরোয়া ক্রিকেটে সব ফর্ম্যাটে খেলছে এবং ভাল পারফর্মও করেছে। ও নিজের ঘরোয়া ক্রিকেটের ফর্মটাই আইপিএলেও বজায় রেখেছে। দিল্লির বিরুদ্ধে এই পারফরম্যান্সটা শামির প্রত্যাবর্তন সফরের সবে শুরু।’

আইপিএল শুরুর আগে শামি এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, ‘আইপিএল নিয়ে যদি কথা বলি, তাহলে বলব আমরা অতীত রেকর্ড ঘেটে দেখা হোক, আমার ধারেকাছে আর কোনও ভারতীয় বোলার আছে! তা সত্ত্বে আমি নাকি টি-২০ বোলার নই। বিগত পাঁচ, ছয় বছরের রেকর্ডই দেখা হোক। আমি প্রায় ১৩০টির আশেপাশে উইকেট নিয়েছি। একজন বোলারের কাছে এর থেকে বেশি কী প্রত্যাশা থাকে। হয়তো এই গোটাটাই ভাগ্যের বিষয়। তবে আমি এই গোটাটাই ইতিবাচকভাবে নিচ্ছি।’ 

এবার দেখার শামি নিজের কথামতোই আইপিএলে সেরা পারফরম্যান্স করতে পারেন কি না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks