কলকাতা: শিশুমৃত্যু নিয়ে দেশজুড়ে বিতর্কের পরও বদলাল না ছবি। ফের গুণমানে ফেল করল তিন তিনটি কাফসিরাপ। যার মধ্য়ে রয়েছে বিতর্কিত কোল্ডরিফ। শিশুদের ওষুধে বিপজ্জনক মাত্রায় ফের মিলল রাসায়নিক।
মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ২০ জন শিশুর মৃত্যুর পর কাফ সিরাপ নিয়ে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। নানারকম পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল! কিন্তু শিশুমৃত্যু নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা COLDRIF সিরাপ ফের পরীক্ষায় ফেল করল! এরই সঙ্গে, আরও ২টি কাফ সিরাপে বিপজ্জনক মাত্রায় মিলল রাসায়নিক। RELIFE ও RESPIFRESH TR নামে ২টি কাফসিরাপকে বিপজ্জনক বলে ঘোষণা করা হল। মধ্যপ্রদেশ ও রাজস্থানে শিশু মৃত্য়ুর পর ৩টি ভারতীয় সংস্থার তৈরি এই তিনটি কাফ সিরাপ খেতে গোটা বিশ্বকে নিষেধ করেছিল বিশ্ব স্বাস্থ্য় সংস্থা। এই আবহে এই তিনটি কাফ সিরাপই ফের ফেল করল গুণমান যাচাইয়ের পরীক্ষায়। এবারও ঘটনাস্থল সেই মধ্যপ্রদেশ।
ভোপালের ড্রাগ টেস্টিং ল্যাবে ফেল করেছে এই ৩ সংস্থার তৈরি ৩টি কাফ সিরাপ। মধ্যপ্রদেশের ড্রাগ কন্ট্রোল বিভাগের তরফে বিষয়টি জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে। কেন্দ্রের তরফে এই রিপোর্ট আসার পর, রাজ্যের সমস্ত পাইকারি এবং খুচরো ওষুধ বিক্রেতাদের সতর্ক করেছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য দফরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ৩টি সংস্থার সিরাপের নমুনাই দূষিত। ওষুধে ডাইইথাইলিনগ্লাইকল (DEG) নামক রাসায়নিক অনুমোদিত মাত্রার থেকে বহুগুণ বেশি রয়েছে। কোল্ডরিফ কাফ সিরাপের ক্ষেত্রে বিপজ্জনকভাবে যে মাত্রা পৌঁছে গেছে ৪৮.০৬ শতাংশে! এই ৩ টি কাফসিরাপ-সহ মোট ৪৮ টি ওষুধের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে স্বাস্থ্যভবনের তরফে।
ইথিলিন গ্লাইকল (EG) এবং ডাইথিলিন গ্লাইকল (DEG) হল শিল্প দ্রাবক যা সাধারণত অ্যান্টিফ্রিজ, ব্রেক ফ্লুইড, প্লাস্টিক এবং অন্যান্য শিল্প পণ্যে ব্যবহৃত হয়। এগুলি উল্লেখযোগ্য পরিমাণে ওষুধ ব্যবহারের জন্য অনুমোদিত নয়। এর ব্যবহারে ওষুধটি বিষাক্ত পদার্থে পরিণত হয়। এর ফলে তীব্র বিষক্রিয়ায় সর্বঅঙ্গ বিকল হতে পারে।
কেন্দ্রীয় সরকারের জারি করা অ্যাডভাইসরিতে অনুযায়ী
- ২ বছরের কম বয়সের শিশুকে কাফ সিরাপ দেওয়া উচিত নয়।
- ৫ বছরের কম শিশুদের কাফ সিরাপ দেওয়ার ক্ষেত্রেও অত্যন্ত সতর্ক করা হয়েছে।
- কাফ সিরাপের প্রয়োজন হলে সঠিক মাত্রায় দিতে হবে।
- শিশুদের শারীরিক অবস্থার ওপর নজর রাখতে হবে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
