সন্দীপ সরকার, কলকাতা: তিনি ভারতের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) জয়ের অন্যতম নায়ক। যুগ্মভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। নিয়েছেন ১৪ উইকেট। যশপ্রীত বুমরার মতোই।
কিন্তু টি-২০ বিশ্বকাপের পর বুমরাকে নিয়ে যখন কার্যত নায়ক-বরণ চলছে, বরুণ চক্রবর্তী তখন অনেকটাই অন্ধকারে। বিশ্বকাপ যত এগিয়েছে, বরুণকে নিয়ে ব্যাটারদের অস্বস্তি কেটেছে। রহস্য স্পিনারের রহস্য যেন উন্মোচন করে ফেলেছেন প্রতিপক্ষ ব্যাটাররা। ওভার প্রতি ৯ রানেরও বেশি করে খরচ করেছেন বরুণ। যা টি-২০ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় প্রথম দশজন বোলারের মধ্যে সর্বোচ্চ।
আইপিএলে বরুণ কি ছন্দে ফিরবেন? তাঁর বল কি ফের ব্যাটারদের আতঙ্কিত করে তুলবে? ফের তাঁর স্পিন ধাঁধায় পথ হারাবেন প্রতিপক্ষ ব্যাটাররা?
প্রশ্নটা করা হয়েছিল আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ অভিষেক নায়ারের কাছে। যদিও দলের অন্যতম সেরা স্পিন-অস্ত্রের পাশে দাঁড়াচ্ছেন নায়ার। বলছেন, ‘টি-২০ ক্রিকেটে দীর্ঘদিন খেললে এরকম ঘটনা ঘটে। ঠিক যেভাবে ব্যাটাররা মাঝে মধ্যে রান পায় না। অনেক ব্যাটারই রান করে, কিন্তু মাঝে মধ্যে ছন্দ হারায়। ক্রিকেট এরকমই। বরুণের সঙ্গেও এটাই হয়েছে। গত কয়েক বছরে এত টি-২০ ক্রিকেট খেলেছে ও। স্বাভাবিকভাবেই অন্য দলগুলো ওর বিরুদ্ধে নানারকম কৌশল নিচ্ছে। পাশাপাশি মাঝে মধ্যে পরিবেশ-পরিস্থিতি ওর বোলিংকে খুব একটা সাহায্য করেনি। এ-ও বুঝতে হবে যে, দলের কঠিন সময়ে ও বোলিং করেছে। পাওয়ার প্লে-তে বোলিং করেছে। যখন দুজন সেট ব্যাটার ক্রিজে, তখন বোলিং করেছে। ও বল করতে এসেই উইকেট নেওয়ার চেষ্টা করেছে। আমি মনে করি ওর কোনও ভুল হচ্ছে না। বিশ্বকাপের পর দিন দশেক একটা ভাল ছুটি পেয়েছে। এটা ক্রিকেটারদের দরকার হয়।’
এরপরই নায়ার বলেন, ‘দলগত খেলার সুবিধা হচ্ছে, বরুণ না পারলে অন্যরা পেরেছে। আমরা বরুণের ওপর কোনও চাপ দিতে চাই না। ও আমাদের ফ্র্যাঞ্চাইজির দারুণ একজন প্লেয়ার। বছরের পর বছর পারফর্ম করেছে। কিছু ভুল করছে না। যে সময় ও যে পরিকল্পনা প্রয়োগ করতে চেয়েছে, সেটা ওর দক্ষতা অনুযায়ী পারেনি। আমরা চেষ্টা করব যাতে ও নিজের সেরাটা দিতে পারে। ও ছন্দে থাকলে কী হতে পারে সকলেই জানে। কখনও পরিবেশ, কখনও সময়ের ওপর অনেক কিছু নির্ভর করে।’
কোচের কথায় সায় দিচ্ছেন অধিনায়ক অজিঙ্ক রাহানেও। বলেছেন, ‘একদম ঠিক কথা। বরুণের কাছে সব সময় প্রত্যাশা করা হয় যে, ও উইকেট তুলবে। ভাল বল করবে। বেশি চেষ্টা করলে সব প্লেয়ারেরই এরকম হয়। ওদের প্রস্তুতি খুব ভাল থাকে, মাঠে পারফর্ম করতে সমস্যা হয়। বিশ্বকাপে প্রতিপক্ষ ব্যাটাররাও ওকে দারুণ সামলেছে। বরুণের বোলিং নিয়ে কোনও সমস্যা নেই।’
