কলকাতা: ভয় ধরাচ্ছে নিপা ভাইরাস (Nipah Virus) । এ রাজ্যেই আক্রান্ত ২ জন । দুজনই আবার স্বাস্থ্যকর্মী । নার্স হিসাবে কর্মরত ছিলেন । আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন দুজনই । রাখা হয়েছে ভেন্টিলেশনে ।
কীভাবে চিনবেন নিপা ভাইরাস?
সাধারণ জ্বর, বমিভাব দিয়ে শুরু হয় উপসর্গ । তবে ব্যক্তিবিশেষে তা বদলাতে পারে । চিকিৎসক জয়দেব রায় বলছেন, ‘নিপা ভাইরাসের উপসর্গ অন্যান্য ভাইরাসের মতো শুরু হলেও এটা অনেক বেশি দ্রুত গতিতে ছড়ায় । খুব দ্রুত গতিতে মস্তিষ্কের ক্ষতি করে । রোগী অচৈতন্য হয়ে যায়, খিঁচুনি হয়, হৃদরোগে আক্রান্ত হতে পারে । শ্বাসকষ্ট হতে পারে । এই ধরনের সমস্যা ও উপসর্গ দেখা দিলে তৎক্ষনাৎ চিকিৎসকের কাছে যেতে হবে এবং রোগীকে আইসিইউ কেয়ার দিতে হবে । কারণ এই রোগের মারণক্ষমতা অনেক বেশি ।’
মৃত্যুহার অন্যান্য অনেক ভাইরাসের চেয়ে অনেকটাই বেশি । কয়েকদিনের মধ্যেই আক্রান্ত ব্যক্তিকে কোমায় পাঠিয়ে দিতে পারে এই ভাইরাস । রয়েছে একাধিক উপসর্গ । প্রাণী থেকে মানুষ, এবং ‘হিউম্যান টু হিউম্যান’-ও ছড়াতে পারে এই ভাইরাস । জ্বর, মাথাব্যথা ও বমি প্রাথমিক লক্ষণ হলেও গুরুতর অবস্থায় চলে গেলে হতে পারে বিভ্রান্তি ও শ্বাসকষ্ট ।
আক্রান্ত হলে নির্দিষ্ট কোনও চিকিৎসা নেই । সাত থেকে দশ দিনের মধ্যে কোনও রোগী কোমায় চলে যেতে পারেন । এতটাই মারাত্মক নিপা ভাইরাস ।
বারাসাতে ২ জন নার্স সম্ভবত নিপায় আক্রান্ত হয়েছেন বলে খবর সামনে আসতেই এই নিয়ে উদ্বেগ আরও বেড়েছে । সকলেই জানতে চাইছেন, কী কী উপসর্গ দেখে চিনবেন নিপার সংক্রমণ? বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাস সংক্রমিত হলে হঠাৎ জ্বর আসতে পারে । সঙ্গে হতে পারে মাথা ব্যথা, পেশিতে টান ও বমিভাব ।
নিপা ভাইরাস থেকে বাঁচতে কী কী করা উচিত? চিকিৎসকরা বলছেন, শুয়োর পালন ও শুয়োরের মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে । যে কোনও ফল ভাল করে ধুয়ে খেতে হবে । একই সঙ্গে N-95 মাস্ক ব্যবহার করার কথা বলছেন বিশেষজ্ঞরা । বাইরের খাবার থেকে যতটা সম্ভব বিরত থাকতে হবে ।
এরাজ্যে ২ সম্ভাব্য আক্রান্তের খোঁজ মিলতেই এদিন সকালে তাঁদের এলাকায় টিম পাঠিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর । গোটা বিষয়টি মনিটরিং করছেন খোদ মুখ্যমন্ত্রী ।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
