তিরুঅনন্তপুরম: একটা সময় বিশ্বকাপের নকশায় ছিলেন না । সেখান থেকে দলে সুযোগ । সেমিফাইনাল, ফাইনালের নায়ক । টুর্নামেন্টের সেরা ক্রিকেটার সঞ্জু স্যামসন । সাফল্যের জন্য যিনি কৃতিত্ব দিচ্ছেন স্ত্রীকে ।
তিরুঅনন্তপুরমে ফিরে স্যামসন বলেছেন, ‘আমি সব সময় ইতিবাচক থেকেছি । যন্ত্রণা, খারাপ সময়, হতাশা আমাকে আরও শক্তিশালী করে তুলেছে । আমি আরও মানসিকভাবে দৃঢ়চেতা হয়েছি । আমি কৃতজ্ঞ । আমাদের পরিবার খুব শান্ত, সংযত । ফিরেই বাবা-মায়ের সঙ্গে দেখা করতে এসেছি । বাবা-মায়ের কাছে আমি কৃতজ্ঞ । ওঁদের জন্যই ক্রিকেট খেলা শুরু করেছিলাম । সমস্ত ক্রিকেটপ্রেমীদের জন্য আমি আজ খুশি । সকলের প্রার্থনা কাজে দিয়েছে । আমি সকলের প্রত্যাশা পূরণ করতে বলেছি বলে খুশি ।’
যোগ করেছেন, ‘নিউজ়িল্যান্ড সিরিজের পর খুব চাপে ছিলাম । আমি স্ত্রীকে আমার পাশে থাকরতে বলেছিলাম । মনে হয়েছিল বিশ্বকাপ দলে নাও থাকতে পারি । সেটা ওকে বলেওছিলাম । স্ত্রী পাশে থাকলে হাসিখুশি থাকি । খুশি থাকলে আমি নিজের কাজটা সবচেয়ে ভালভাবে করি ।’
অনেক সমর্থকই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলী । বিশেষ করে সঞ্জু স্যামসন ও তাঁর স্ত্রী চারুলতা রমেশের বিয়ের গল্প অনেকের আগ্রহের বিষয় । তাঁদের বিয়ে খুবই সাদামাটাভাবে অনুষ্ঠিত হয়েছিল । ব্যস্ত ক্রিকেট কেরিয়ারের মাঝেও তাঁরা ব্যক্তিগত জীবনকে বেশ শান্ত ও প্রচারের বাইরে রেখেছেন, তাই তাঁদের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ আজও অনেক । সঞ্জু স্যামসন এখন স্ত্রীকেই কৃতিত্ব দিচ্ছেন ।
