নয়াদিল্লি: বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার (আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী) তিনি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) প্রথম ম্যাচে রান না পেলেও, যে কোনও বোলিং আক্রমণকে একাই ধ্বংস করে দেওয়ার দক্ষতা রয়েছে অভিষেক শর্মার (Abhishek Sharma)। তবে ভারতীয় ওপেনারের খেলা নিয়েই তৈরি হয়েছে প্রবল সংশয়।
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। সেই ম্যাচের আগে মঙ্গলবার গোটা ভারতীয় দলই অনুশীলনে নেমেছিল। এমনকী দীর্ঘ সময় চোটের কারণে মাঠের বাইরে থাকা ওয়াশিংটন সুন্দরও এইদিন অনুশীলন সারেন। তবে অনুশীলনে ছিলেন না অভিশেক শর্মা। এর ফলেই তাঁর পরের ম্যাচ খেলা নিয়ে হালকা সংশয় তৈরি হয়েছে।
কিন্তু ঠিক কী কারণে অভিষেক অনুশীলনে এলেন না? তিনি কি চোটের কবলে পড়েছেন? নামিবিয়ার ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে (Ryan Ten Doeschate) অভিষেক শর্মার অনুপস্থিতিতি এবং ফিটনেস নিয়ে আপডেট দেন। তিনি জানান, ‘অভিষেক পেটের সমস্যায় ভুগছে। আশা করছি কয়েকদিন পরে যে ম্যাচ আয়োজিত হবে তার আগে ও সুস্থ হয়ে উঠবে এবং ম্যাচে খেলতে নামতে পারবে।’
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলেননি ভারতীয় দলের তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা। তিনি অবশ্য এদিন অনুশীলন সারলেন। ভারতের সহকারী কোচ টেন দুশখাতে সাংবাদিক সম্মেলনে জানান, ‘১০ দিনের বিরতির পর বুমরা বোলিং করা শুরু করেছে এবং আগের থেকে ও এখন অনেক সুস্থ অনুভব করছে। ও বেশ ভালভাবেই নড়াচড়া করছে এবং আজ আবারও বোলিং করবে।’ অর্থাৎ সব ঠিকঠাক থাকলে নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামতেই পারেন যশপ্রীত বুমরা।
বুমরা এদিন শুধু নেটে বোলিংই করলেন না, তাঁকে একেবারে পুরোদমে ঘাম ঝরাতে দেখা গেল। এমনকী ব্যাটারদের বেশ বিপাকেও ফেললেন তিনি। শুরুতে কয়েকটি ছোট স্টেপে বোলিং করেন তিনি। ধীরে ধীরে বাড়ে তাঁর গতি। তারপর ছন্দ ফিরে পেয়ে বুমরা ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিজের গতিতে পরাস্ত করেন। বাধ্য হয়ে সূর্যকুমার প্লেড অন হন। পরের ম্য়াচের আগে যে বুমরা মাঠে নামতে প্রস্তুত, এই ঘটনাই কিন্তু তা প্রমাণ করে দিচ্ছে। এবার অপেক্ষা নমিবিয়া ম্যাচ শুরু হওয়ার।
