কলম্বো: সপ্তাহান্তে ক্রিকেট দুনিয়ার সবথেকে বড় ম্য়াচ। দ্বীপরাষ্ট্রে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ধুন্ধুমার। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) আর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি ভারত ও পাকিস্তান (IND vs PAK)। সেই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। তবে সেই ম্যাচের আগেই পাকিস্তান ডাগআউটে হইচই। কিন্তু কারণটা কী?
ঘটনাটি শুক্রবারের। সেই সন্ধ্যায় পাকিস্তানের প্রেমদাসা স্টেডিয়ামে অনুশীলনের কথা ছিল। তবে সলমন আলি আঘারা স্টেডিয়ামে ঢোকার ঠিক আগে আগেই পাকিস্তানের ডাগআউটে এক বেশ বড় সাপ ধরা পড়ে। সেই সাপকে ধরতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় মাঠকর্মীদের। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতে না হতেই হু হু করে ছড়িয়ে। এই ডাগআউটেই কিন্তু ম্যাচের দিন পাকিস্তান ক্রিকেটারদের বসার কথা।
প্রসঙ্গত, মাঠে সাপ ঢুকে যাওয়ার বিষয় কিন্তু শ্রীলঙ্কায় এই প্রথম নয়। এর আগেও একাধিকবার শ্রীলঙ্কার স্টেডিয়াম বিশেষত প্রেমদাসা ম্যাচ চলাকালীনও মাঠে সাপ ঢুকে পড়ার ঘটনা ঘটেছিল। তাই পাকিস্তানের ডাগআউটে সাপ ঢুকে পড়ার ভিডিও চাঞ্চল্য সৃষ্টি করলেও, এই ঘটনা অবাক করার মতো নয়।
🚨 Snake in Pakistan’s dugout 🐍
A snake was spotted in Pakistan’s dugout during a practice session at the R. Premadasa Stadium in Colombo ahead of the India vs Pakistan T20 World Cup match. pic.twitter.com/BW7J6OBObE
— Sonu (@Cricket_live247) February 14, 2026
ভারত বনাম পাকিস্তানের ম্যাচে কিন্তু মাঠের পাশাপাশি মাঠের বাইরের লড়াইটাও সাম্প্রতিক সময়ে বারংবার শিরোনাম কেড়ে নিয়েছে। এর মধ্যে এশিয়া কাপে করমর্দন কাণ্ড নিয়ে বিস্তারিত তর্ক-বিতর্ক চলে। পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর দুই দেশের যুদ্ধের আবহে দুবাইয়ে এশিয়া কাপে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটারেরা।
সূর্যকুমার যাদব টসের পর পাক অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গেও হাত মেলাননি। যা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। এবার কি তাহলে সেই ধারা অব্যাহত থাকবে না দুই দলের ক্রিকেটারদের সৌজন্য বিনিময় করতে দেখা যাবে?
কলম্বোয় ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে সূর্যকুমার যাদবকেও এই প্রশ্ন শুনতে হল। পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে কি করমর্দন করবেন? সূর্য বললেন, ‘২৪ ঘণ্টা অপেক্ষা করে যান। আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি। ভাল ক্রিকেট খেলাই লক্ষ্য। আমরা ভাল খাওয়াদাওয়া করেছি, ঘুমিয়েছি। এটা নিয়ে কাল সিদ্ধান্ত নেব।’
একই প্রশ্ন শুনতে হয়েছে পাক অধিনায়ক সলমন আলি আঘাকেও। সলমন বলেছেন, ‘আশা করছি ম্যাচটা ভাল মনোভাব নিয়েই খেলা হবে। ভারতীয় দল যদি হাত মেলাতে চায়, কাল সেটা দেখে ঠিক করব আমরা কী করব।’
