সন্দীপ সরকার, কলকাতা: সব কিছু ঠিকঠাক চললে শুক্রবার সন্ধ্যায় কালীঘাট মন্দির থেকে প্রসাদী ফুল নিয়ে টিমহোটেলে পৌঁছে যেতেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের কোচের ভাগ্যও পরীক্ষিত হবে রবিবার ইডেন গার্ডেন্সে। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে যেতে রবিবার ওয়েস্ট ইন্ডিজ়কে হারাতেই হবে। মরণ-বাঁচন ম্যাচের আগে শুক্রবার বিকেলে কলকাতায় পৌঁছেই সন্ধ্যায় কালীঘাটে পুজো দিতে যাওয়ার কথা ছিল গুরু গম্ভীরের।
কিন্তু সব পরিকল্পনা স্থগিত করতে হল গম্ভীরকে। কলকাতায় ভূমিকম্প আতঙ্ক তৈরি করল ভারতীয় শিবিরেও। বিমানবিভ্রাটে চেন্নাই বিমানবন্দরেই আটকে রইলেন সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরারা। নির্ধারিত সময়ের এক ঘণ্টারও বেশি সময় পরে কলকাতায় পৌঁছল টিম ইন্ডিয়া।
শুক্রবার দুপুরে ভূমিকম্পে কেঁপে উঠেছে গোটা শহর। আতঙ্ক তৈরি হয়েছে কলকাতার সর্বত্র। বেহালার পর্ণশ্রীতে তো রাস্তায় বিরাট ফাটল দেখা দিয়েছে। প্রায় এক মিনিট ধরে চলে কম্পন। বহুতল ছেড়ে আতঙ্কে নীচে নেমে আসেন বাসিন্দারা। অফিসে কাজ ফেলে অনেকেই বহুতল থেকে রাস্তায় নেমে দাঁড়িয়েছিলেন। ঘরবাড়ি দুলে ওঠে।
ভূমিকম্প আতঙ্ক ছড়িয়েছিল কলকাতা বিমানবন্দরেও। কলকাতা কেঁপে ওঠার পরই দমদম বিমাবন্দরের রানওয়ে প্রায় ৪৫ মিনিটের জন্য বন্ধ রাখা হয়। এমনিতে বড় কোনও ভূমিকম্প হলেই তারপর বেশ কয়েকবার আফটার শক হতে দেখা যায়। তাতে বিমান পরিষেবায় যাতে কোনও বিপদ না তৈরি হয়, তাই সতর্কতা হিসাবে সেই সময় কলকাতায় সব উড়ান ওঠানামা বন্ধ রাখা হয়।
সেই খবর পৌঁছে যায় চেন্নাই বিমানবন্দরেও। সেখানে তখন ভারতীয় দলের বিমান টেক অফের জন্য প্রস্তুত ছিল। বিমানে উঠে উড়ান শুরুর অপেক্ষা করছিলেন সূর্যকুমার, গম্ভীররা। কিন্তু কলকাতা বিমানবন্দরের রানওয়ে বন্ধ থাকায় ভারতীয় দলের বিমান চেন্নাই বিমানবন্দরেই আটকে থাকে। সেই সময় চেন্নাই থেকে একটি বিমান কলকাতা বিমানবন্দরে নামলেও কম্পন অনুভূত হওয়ায় ফের মাঝ আকাশে উড়ে যায়। প্রায় মিনিট পনেরো চক্কর কেটে তারপর ল্যান্ড করে। ভারতীয় দলের বিমান নিয়ে অবশ্য সেই ঝুঁকি নিতে চায়নি উড়ান সংস্থা বা বিমানবন্দর কর্তৃপক্ষ। তারপর ক্লিয়ারেন্স পেলে নির্ধারিত সময়ের এক ঘণ্টারও বেশি সময় পরে কলকাতার মাটি স্পর্শ করে ভারতীয় দলের বিমান।
শুক্রবার সন্ধ্যায় কালীঘাটে পুজো দিতে যাওয়ার কথা ছিল গম্ভীরের। তবে বিমানবিভ্রাটে সেই পরিকল্পনা শুক্রবারের মতো মুলতুবি রেখেছেন গম্ভীর। ভারতীয় শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, শনিবার বেলা এগারোটায় কালীঘাটে পুজো দিতে যাবেন গৌতি। বিকেলে ইডেনে ভারতীয় দলের প্র্যাক্টিস রয়েছে। তবে রিঙ্কু সিংহ ভারতীয় দলের সঙ্গে কলকাতায় আসেননি। বাবার শেষকৃত্যের জন্য উত্তর প্রদেশেই রয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ম্যাচে তিনি সম্ভবত আর জাতীয় শিবিরে যোগ দেবেন না।
