মুম্বই: আর ৪ দিন বাকি। এরপরই শুরু হতে চলেছে আইপিএলের উনিশতম মরশুম। কিন্তু তার আগেই দেশের সবচেয়ে তারকা পেসারকে নিয়েই আশঙ্কা। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলেন জসপ্রীত বুমরা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে ম্য়াচের সেরার পুরস্কার জিতেছিলেন। বরুণ চক্রবর্তীর সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক উইকেটও ঝুলিতে পুরেছেন। কিন্তু এরপর থেকে আর মাঠে দেখা যায়নি ডানহাতি পেসারকে। আগামী ২৯ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্য়াচে কেকেআরের বিরুদ্ধেই খেলতে নামবে মুম্বই। সেই ম্য়াচে বুমরাকে পাওয়া যাবে কি আদৌ?
মুম্বই ইন্ডিয়ান্স প্রায় এক সপ্তাহ আগেই তাঁদের অনুশীলন শুরু করে দিয়েছিল। কিন্তু অনুশীলনে দেখা যায়নি বুমরাকে। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে ভারতীয় পেসার সুস্থ তো? কোনও চোট পাননি তো? পরে খোঁজ নিয়ে জানা গিয়েছে যে বুমরা এই মুহূর্তে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স রয়েছেন। সেখানে রিহ্যাব সারছেন তারকা পেসার। যদিও আদৌ তিনি কি চোট পেয়েছেন না কি তা নিয়ে কোনও কিছু জানা যায়নি।
গত এক বছরে টেস্ট ও টি-টোয়েন্টিতেই বেশি খেলেছেন। ওয়ান ডেে ফর্ম্য়াটে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরাকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে বুমরার ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের দিকে নজর রেখেছিল টিম ম্য়ানেজমেন্ট ও বিসিসিআই। সেই মত সাফল্যও পেয়েছেন মুম্বই পেসার। তবে আগামী ২৯ তারিখ কলকাতার বিরুদ্ধে নামবেন কি না মাঠে, তা বোঝা যাচ্ছে না।
২০২১ সালের পর আর আইপিএল জিততে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। ২০২৪ সালে তো পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে শেষ করেছিল মুম্বই শিবির। তবে আগামী মরশুমে আরও শক্তিশালী হয়েছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। হার্দিক পাণ্ড্য়র নেতৃত্বেই ষষ্ঠবার ট্রফি জয়ের স্বপ্ন দেখছে মুম্বই। এই দলের হয়েই ২০১৩ সাল থেকে খেলছেন বুমরা। ১৪৫ ম্য়াচে ১৮৩ উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত। দু বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন।
কিছুদিন আগেই মুম্বই ইন্ডিয়ান্সের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মুম্বই ইন্ডিয়ান্সের MI মিক্স নামক পোগ্রামে রোহিতের হাতে মাইক উঠতেই সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সেই অনুষ্ঠানেই রোহিত এক বিরাট ঘোষণা করেন। সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ড্যর সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত রোহিত বলেন, ‘আমি আপনাদের সকলকে আমার দলের তরফে ধন্যবাদ জানাতে চাই। প্রতি বছর আপনারা যেমনভাবে আমাদের পাশে থাকেন, এই বারও তেমনভাবেই সমর্থন করবেন। আমরা এটা খুবই ভালবাসি। পরিবর্তে আমরা ষষ্ঠ খেতাব জেতার চেষ্টা করব। এবারে ছয় নম্বরটা (ট্রফিটা) আপনাদের সামনে এনে রাখব।’
