সন্দীপ সরকার, কলকাতা: বেশিদিন আগের নয়, গত আইপিএলের ঘটনা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা আর ভারতের জবাবি এয়ারস্ট্রাইকের পর তখন ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি। ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের আলো নিভিয়ে ম্যাচ বন্ধ করে দেওয়া হয়েছিল। দর্শক নিরাপত্তার কথা ভেবে পরিত্যক্ত হয়েছিল সেই ম্যাচ। আইপিএলই স্থগিত হয়ে গিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অবশ্য টুর্নামেন্ট শেষ হয়। ১৭ বছরের খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হয় বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এবারও কি আইপিএলে যুদ্ধের প্রভাব পড়তে চলেছে? ইঙ্গিত সেরকমই। অশান্ত মধ্য প্রাচ্য। ইরান বনাম ইজরায়েল-আমেরিকা রক্তক্ষয়ী যুদ্ধে গোটা বিশ্ব জুড়েই বিমান পরিষেবা ব্যাহত। আর তার জেরে সমস্যায় বিভিন্ন দল। বিদেশি ক্রিকেটারদের ভারতে আইপিএল খেলতে আসা নিয়ে আচমকাই তৈরি হয়েছে জট।
সমস্যায় কলকাতা নাইট রাইডার্সও। পরিস্থিতি এমনই যে, দলের সেরা অস্ত্র সুনীল নারাইনের খেলতে আসা নিয়েই তৈরি হয়েছে জটিলতা। সেই সঙ্গে রোভম্যান পাওয়েল, পাওয়ার কোচ আন্দ্রে রাসেলদের কলকাতায় আসা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।
দরজায় কড়া নাড়ছে আইপিএল। সব দলই শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছে। বুধবার থেকে ইডেনে প্রস্তুতিতে নেমে পড়ল কেকেআর। তবে একমাত্র জ়িম্বাবোয়ের ব্লেসিং মুজ়ারাবানি ছাড়া আর কোনও বিদেশি ক্রিকেটারই এসে হাজির হননি। কেকেআর শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, নিউজ়িল্যান্ডের ত্রয়ী – ফিন অ্যালেন, টিম সাইফার্ট ও রাচিন রবীন্দ্র আগামীকাল, বৃহস্পতিবার শহরে আসবেন। তাঁদের সঙ্গেই আসবেন বোলিং কোচ টিম সাউদি। ভারতীয় তারকাদের মধ্যে বিস্ময় স্পিনার বরুণ চক্রবর্তীরও বৃহস্পতিবার আসার কথা। তার পরের দিন, ২০ মার্চ আসার কথা অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনের। যাঁকে রাসেলের পরিবর্ত অলরাউন্ডার হিসাবে ভেবে রেখেছে কেকেআর।
তবে জটিলতা তৈরি হয়েছে ক্যারিবিয়ান তারকাদের নিয়ে। রাসেল ও রোভম্যান পাওয়েল জামাইকার ক্রিকেটার। তাঁরা একসঙ্গে ২৪ মার্চ আসতে পারেন। তবে নারাইনের বাড়ি ত্রিনিদাদে। তাঁকে ইউরোপ হয়ে আসতে হবে। যেভাবে আমস্টারডাম হয়ে এসেছেন মেন্টর ডোয়েন ব্র্যাভো। একটা সূত্র বলছে, ২৪ মার্চ নারাইন কলকাতায় পৌঁছতে পারেন। যদিও অনিশ্চয়তা রয়েছে।
কেকেআরের প্রথম ম্যাচ ২৯ মার্চ। মুম্বইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। সেই ম্যাচ খেলতে ২৫ মার্চ বেরবে কেকেআর। তার মধ্যে নারাইন আসতে পারবেন? ধোঁয়াশা থাকছে। শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানার ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। তবে ফিট হয়ে গেলে তিনি যে কোনও দিন শিবিরে যোগ দেবেন। তবে এত উড়ান বাতিল হচ্ছে যে, তাঁর আসা নিয়েও বিমান-বিভ্রাট থাকতে পারে। যুদ্ধের জেরে নাইট শিবির টুর্নামেন্টের শুরুতেই বিপাকে!
