নয়াদিল্লি: কেনাকাটার পর বিল তৈরির সময় মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক নয় বলে এবার জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, ক্রেতাদের মোবাইল নম্বর দিতে বাধ্য করতে পারে না শপিং কমপ্লেক্স, শপিং মল এবং রিটেলাররা। বিল তৈরির সময় অথবা এন্ট্রির সময়, সম্মতি না থাকলে, কোথাওই ফোন নম্বর দিতে বাধ্য করা যাবে না ক্রেতাদের। (Mobile Number Not Mandatory for Shopping)
লোকসভার সাংসদ জনার্দন সিংহ সিগরিওয়াল সম্প্রতি এ নিয়ে প্রশ্ন তোলেন। শপিং মল বা কমপ্লেক্সগুলিতে ক্রেতাদের মোবাইল নম্বর দেওয়া নিয়ে কেন্দ্র কোনও নির্দেশিকা দিয়েছে কি না, জানতে চান তিনি। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রের যোগাযোগ ও গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী পি চন্দ্রশেখর জানান, এ নিয়ে ২০২৩ সালের ২৬ মে নির্দেশিকা জারি করেছিল ক্রেতাসুরক্ষা বিভাগ। সংশ্লিষ্ট সব পক্ষের কাছে সেই নির্দেশিকা পৌঁছে গিয়েছিল। (Consumer Affairs)
কেন্দ্রীয় মন্ত্রী যে নির্দেশিকার কথা উল্লেখ করেছেন, তাতে স্পষ্ট বলা হয়েছে, কোনও জিনিস বিক্রি বা পরিষেবা প্রদানের সময় ক্রেতার সম্মতি না থাকলে, তাঁর মোবাইল নম্বর সংগ্রহ করা যাবে না। বিক্রিবাটার ক্ষেত্রে মোবাইল নম্বর দেওয়া পূর্বনির্ধারিত শর্ত হিসেবে কখনওই বাধ্যতামূলক করা যাবে না।
কেন্দ্র পরিষ্কার জানিয়েছে, নির্দেশিকা জারি করা হয়েছে ইতিমধ্যেই। তবে এমন কোনও বিধান নেই, যাতে ক্রেতাকে মোবাইল নম্বর দিতে বাধ্য করা যায়। ক্রেতার নিজের পছন্দ অনুযায়ী চলার অধিকার রয়েছে।
তথ্য সুরক্ষা সংক্রান্ত খুঁটিনাটিও তুলে ধরেন পি চন্দ্রশেখর। ২০২৩ সালের ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন এবং ২০২৫ সালের ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন রুলসে ব্যক্তি বিশেষের ব্যক্তিগত তথ্য় গোপন রাখার বিধান রয়েছে, যার মধ্যে ব্যবসার ক্ষেত্রে মোবাইল নম্বর সংগ্রহও তার মধ্যে পড়ে। আইনে ব্যক্তিগত তথ্য আইনি উপায়ে মজুত এবং ব্যবহার এবং অপব্যবহার বন্ধের কথা বলা রয়েছে। তবে শপিং মলগুলি ক্রেতার ফোন নম্বরের অপব্যবহার করছে বলে গত তিন বছরের বেশি সময়ে অভিযোগ জমা পড়েনি।
তবে অভিযোগ জমা না পড়লেও, শপিম মল বা তেমন জায়গায় কেনাকাটার সময় মোবাইল নম্বর চাওয়া নিয়ে বেশ কিছু দিন ধরেই অসন্তোষ চোখে পড়ছিল। বিশেষ করে বিল তৈরির সময় মোবাইল নম্বর চাওয়া হবে কেন, প্রশ্ন তুলছিলেন অনেক ক্রেতাই।
