হায়দরাবাদ: সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে (Syed Mushtaq Ali T20) বাংলার দাপট চলছে। মহম্মদ শামি – আকাশ দীপ, অভিষেক পোড়েল, অভিমন্যু ঈশ্বরনের দাপটে সার্ভিসেসকে হেলায় হারাল বাংলা।
বৃহস্পতিবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সার্ভিসেসের বিরুদ্ধে দাপট দেখাল বাংলা। হায়দরাবাদের জিমখানা মাঠে এলিট গ্রুপ সি-র গুরুত্বপূর্ণ ম্যাচে অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন দল জিতল সাত উইকেটে। টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলা। ১৮.২ ওভারে ১৬৫ রানে অল আউট হয়ে যায় সার্ভিসেস। তাদের অধিনায়ক মোহিত আহলাওয়াত ২২ বলে সর্বাধিক ৩৮ রান করেন। এছাড়া আর কেউই বলার মতো রান পাননি। বাংলার বোলারদের মধ্যে সেরা মহম্মদ শামি। ৩.২ ওভারে মাত্র ১৩ রান খরচ করে চার উইকেট নেন ডানহাতি ফাস্টবোলার।
শামির জ্বলে ওঠার দিন উজ্জ্বল বাংলার আর এক পেসার আকাশ দীপও। ৪ ওভারে ২৭ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। ঋত্বিক চট্টোপাধ্যায় ৪ ওভারে ৩২ রানে পেয়েছেন ২টি উইকেট। প্রদীপ্ত প্রামাণিক ৪ ওভারে ৩৮ রান দিয়ে নেন ১ উইকেট।
রান তাড়া করতে নেমে ২৯ বল বাকি থাকতেই লক্ষ্যপূরণ বাংলার। ১৫.১ ওভারে তিন উইকেট হারিয়ে। অভিষেক পোড়েল ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৯ বলে ৫৬ রান করেন। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন করেন ৩৭ বলে ৫৮ রান। তাঁরা দ্বিতীয় উইকেট জুটিতে ৯৩ রান যোগ করে বাংলার জয়ের ভিত তৈরি করে দেন। এই জয়ের ফলে ৫ ম্যাচে ১৬ পয়েন্ট হল বাংলার।
ছত্তীসগঢ়ের কাছেও পরাজয়!
কোচবিহার ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম হারের তিক্ত স্বাদ পেল বাংলা। বৃহস্পতিবার ভিলাইয়ে সেক্টর ১০ বিএসপি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ তথা শেষ দিনে মধ্যাহ্নভোজের পরেই ছত্তীসগঢ় ৮৫ রানে হারিয়ে দিল বাংলাকে।
দ্বিতীয় ইনিংসে মাত্র ২ রানের ব্যবধানে পাঁচ উইকেট খুইয়ে বুধবারই বিপর্যয়ের মুখে পড়েছিল বাংলা। বৃহস্পতিবার বাংলার দ্বিতীয় ইনিংস শেষ হয় মাত্র ২২৮ রানে। কুশল ১০৪ বলে ৫৬ রান করেন। আশুতোষ অপরাজিত থাকেন ১৩১ বলে ৫০ রানে। ছত্তীসগঢ়ের হয়ে ধনঞ্জয় নায়েক ও মহম্মদ ফৈজ খান পাঁচটি করে উইকেট নেন।
এই পরাজয়ের পর ৩ ম্যাচে বাংলার রয়েছে ১৪ পয়েন্ট। এলিট গ্রুপ ডি-তে আপাতত দ্বিতীয় স্থানে সৌরাশিস লাহিড়ীর প্রশিক্ষণাধীন দল। শীর্ষে রয়েছে গোয়া (৩ ম্যাচে ২০ পয়েন্ট)।
