
চুলে তেল লাগিয়ে যত্ন নেওয়ার প্রচলন চলে আসছে বহু বছর ধরেই। তবে বর্তমানে ধারণা বদলেছে, অনেক সময়েই চিকিৎসকেরাই চুলে তেল লাগাতে বারণ করেন। কিন্তু যদি মাসের পর মাস চুলে তেল না লাগানো হয়, তাহলে কী আদৌ চুলের কোনও ক্ষতি হতে পারে? নাকি অনেক সময়ে, তেল লাগালেই হতে পারে বিপত্তি?

অনেক সময় যদি স্কাল্পে খুশকির সমস্যা হয়, তাহলে চিকিৎসকেরাই তেল লাগাতে বারণ করেন। যাঁদের তৈলাক্ত স্কাল্পের প্রবণতা থাকে, তাঁদের ক্ষেত্রে তেল দিলে হতে পারে বিপত্তি। খুশকি ও অন্যান্য ময়লা আরও বেশি জমতে পারে মাথায়। এর ফলে আসলে ক্ষতি চুলেরই।

তেলের আসল কাজ হল, চুলকে নরম আর আর্দ্র রাখা। বিশেষ করে শীতকালে যদি চুলে মাসের পর মাস তেল না দেওয়া হয়, তাহলে চুল রুক্ষ হয়ে যেতে পারে। কিন্তু খুশকির সমস্যা থাকলে চুলে তেল দেওয়া যায় না। তাহলে কীভাবে শীতে চুলের যত্ন নেবেন?

যদি নিয়মিত তেল মাখতে না ও পারেন , তাহলে আপনার ভরসা হতে পারে হেয়ার মাস্ক। হেয়ার মাস্ক চুলকে গভীরভাবে পুষ্টি জোগায়, এর ফলে চুল থাকে নরম। সারা বছর, বিশেষ করে শীতকালে শ্যাম্পু করার পরে হেয়ার মাস্ক লাগাতে ভুলবেন না।

হেয়ার মাস্কের পরেই চুল নরম রাখতে পারে হেয়ার সিরাম। ভিজে বা শুকনো, যে কোনও চুলেই সিরাম ব্যবহার করা যায়। যদি নিয়মিত শ্যাম্পু না ও করেন, তাহলেও চুলকে নরম রাখতে রোজ সিরাম লাগাতে পারেন। তবে নোংরা চুলে সিরাম লাগাবেন না এতে চুলে থাকা ধুলো ময়লা চুলে আটকে যেতে পারে।

শীতে পরিবেশে ধূলিকণা বেশি থাকে, তাই চেষ্টা করুন বাইরে বেরোলে যতটা সম্ভব চুল ঢেকে রাখতে। এতে চুল আর্দ্রতা হারায় না, নোংরা ও হয় কম। শীতে রোজ শ্যাম্পু করা থেকে বিরত থাকুন এতে চুল অতিরিক্ত রুক্ষ হয়ে যেতে পারে।
Published at : 20 Nov 2025 10:31 PM (IST)
আরও জানুন লাইফস্টাইল-এর
আরও দেখুন
