করাচি: প্রচারে থাকার জন্যই ভারতীয় ক্রিকেটারদের সমালোচনা করেন মহম্মদ আমির (Mohammad Amir)। তোপ দেগেছিলেন মহম্মদ কাইফ (Mohammad Kaif)। এবার প্রাক্তন ভারতীয় তারকাকে পাল্টা আক্রমণ করলেন পাকিস্তানের ফাস্টবোলার। জানিয়ে দিলেন, শুধু সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্যই জাতীয় দলে খেলতে পেরেছেন কাইফ।
ঘটনার সূত্রপাত মহম্মদ আমির অভিষেক শর্মাকে আক্রমণ করায়। আমির বলেছিলেন, অভিষেক শর্মা এলোপাথাড়ি ব্য়াট চালান। আমির এ-ও বলেছিলেন যে, টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে পারবে না ভারত। যে পূর্বাভাস করে মুখ পুড়েছে আমিরের। ফাইনালে উঠেছে ভারত। রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে খেলবে ভারত।
তারপরই আমিরকে কটাক্ষ করেন কাইফ। জানান, আমিরের পর্যবেক্ষণকে পাত্তা দেওয়ারই দরকার নেই। কারণ এগুলো প্রকৃত বিশ্লেষণ নয়। শুধু প্রচারে থাকার কৌশল।
এবার কাইফকে পাল্টা দিলেন আমির। জানালেন, টি-২০ ক্রিকেট নিয়ে কাইফের চেয়ে অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর। নিজের ইউটিউব চ্যানেলে আমির বলেছেন, ‘ওর ক্রিকেটীয় কেরিয়ার নিয়ে কিছু জানি না। কতটা খেলেছে জানি না। ওর পরিসংখ্যান দেখছিলাম। আইপিএলে ২৯টি ম্যাচ খেলেছে। ১০৩ স্ট্রাইক রেট। ও বলেছে আমি প্রচার পেতে ভারত নিয়ে মন্তব্য করেছি। প্রথমত, আমার মনোযোগ পেতে ভারত নিয়ে কথা বলার দরকার নেই। মিস্টার কাইফ, আমি সাড়ে তিনশো টি-২০ ম্যাচ খেলেছি। আমার পরিসংখ্যান দেখে নিন।’
