মুম্বই : টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে টানা তৃতীয়বার ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত। বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। আর তার আগে ইংল্যান্ডের এক ক্রিকেটার সমীহ আদায় করে নিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কিংবদন্তি সুনীল গাওস্করের। এরকম একজন খেলোয়াড় থাকা ইংরেজদের পক্ষে প্লাস পয়েন্ট বলে মনে করছেন তিনি।
কে সেই ক্রিকেটার ? উত্তর, উইল জ্যাকস। একটি গল্ফ ইভেন্টে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গাওস্কর বলেন, “ওঁর একটা ভূমিকা আছে। এরকম এক একটা টুর্নামেন্ট থাকে যখন সবকিছুই ঠিক চলে। এমনকী ব্যাট হাতেও, নীচের দিকে দলের হয়ে ভাল রান করছেন উনি। ওঁর মতো কেউ সাত নম্বরে ব্যাট করছেন, এটা ইংল্যান্ডের পক্ষে সত্যিকরেই প্লাস পয়েন্ট।” চলতি বিশ্বকাপে অসাধারণ ফর্মে রয়েছেন উইল জ্যাকস। দলের হয়ে অসাধারণ পারফর্ম করে চারটি প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার জিতে নিয়েছেন তিনি। এক্ষেত্রে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসনের রেকর্ড স্পর্শ করে ফেলেছেন জ্যাকস। ২০১২ সালের সংস্করণে চারবার POTM গিয়েছিল ওয়াটসনের ঝুলিতেও।
জ্যাকস এখনও পর্যন্ত চলতি টি২০ বিশ্বকাপে সাত ইনিংসে ১৯১ রান করেছেন। গড় ৬৩ এবং স্ট্রাইক রেট ১৭৬। এ পর্যন্ত টুর্নামেন্টে ১৪টি চার ও ১২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে উইল জ্যাকসকে ভারতীয় অলরাউন্ডার শিবম দুবের সঙ্গে তুলনা করেছেন গাওস্কর। তাঁর কথায়, “শিবম দুবে থাকার মতো ব্যাপার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ম্যাচে আমরা যেটা দেখলাম, দুবে এলেন এবং এক ওভারে ২টি চার মেরে চাপ কমিয়ে দিলেন।” এদিকে বল হাতেও চলতি টুর্নামেন্টে ইতিমধ্যে সাতটি উইকেট নিয়ে ফেলেছেন জ্যাকস। দলে পার্ট-টাইম অফ-স্পিনারের কাজ করছেন তিনি। গাওস্কর বলছেন, “ওয়াংখেড়ের পিচে যদি টার্ন থাকে, তাহলে ওঁর বল কাজে লাগতে পারে। তাই, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ড্যরা তাঁকে কীভাবে খেলছেন তার ওপর নির্ভর করছে।”
পরিসংখ্যান কী বলছে, টিম ইন্ডিয়া কি ইংল্যান্ডকে হারাতে পারবে? পরিসংখ্যানে অনেক এগিয়ে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারত ও ইংল্যান্ড মোট ৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে তিনবার টিম ইন্ডিয়া এবং দুবার ইংল্যান্ড জিতেছে। এই পাঁচ ম্যাচের মধ্যে ২ বার ভারত ও ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে। ২০২২ সালের সেমিফাইনালে ইংল্যান্ড টিম ইন্ডিয়াকে ১০ উইকেটে হারিয়েছিল। তার দু’বছর পর, ২০২৪ সালের সেমিফাইনালে ভারত ৬৮ রানে জয়লাভ করে প্রতিশোধ নেয়।
